প্রতিনিয়ত নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। টেলিভিশন, বড় পর্দা ও ওটিটি প্লাটফর্মেও সমান জনপ্রিয় তিনি। হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘কারাগার’-এ নতুন লুকে আসছেন তিনি। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।
আকাশনগর সেন্ট্রাল জেলের ১৪৫ নম্বর সেলের রহস্য নিয়ে এগিয়েছে এ সিরিজের গল্প। ৫০ বছর ধরে বন্ধ ছিল সেলটি। যেখানে একদিন হঠাৎ হাজির হন একজন অতিরিক্ত কয়েদি। কিন্তু তিনি কী করে এলেন বন্ধ সেলে। রহস্যময় কয়েদির ভূমিকায়ই দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
অভিনেতার নতুন লুক আর গল্পের রহস্য নিয়ে এরই মধ্যে দর্শক উচ্ছ্বসিত। কয়েদির চরিত্রটির সঙ্গে মানিয়ে নেয়ার জন্য ওজন কমাতে হয়েছে এ গুণী অভিনেতাকে। সময়টার সঙ্গে মানিয়ে নিতে তাকে পরতে হয়েছে চটের তৈরি প্রাচীনকালের কয়েদিদের পোশাক। চুল ছোট করে ছাঁটতে হয়েছে তাকে। এভাবে আগে কখনো দেখা যায়নি তাকে।
কারাগার সিরিজটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমার অন্য কাজগুলো থেকে কারাগার সিরিজটি বেশ আলাদা। এটা খুবই ইন্টারেস্টিং। চরিত্রটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। এ ধরনের চরিত্রে কাজ করাটা চ্যালেঞ্জিং। কারণ এখানে খুব নিখুঁতভাবে কাজ করতে হয়। আমি চ্যালেঞ্জটা নিয়েছি। চরিত্রটা ফুটিয়ে তুলতে ওজন কমাতে হয়েছে। মেকআপ করতে হয়েছে দীর্ঘ সময় নিয়ে। সবকিছু ঠিকঠাক রাখার জন্য অভাবনীয় এফোর্ট দিতে হয়েছে। আমরা সবাই যার যার জায়গা থেকে জানতাম আমরা কী করতে চাইছি। এখন দেখা যাক কাজটা দর্শকদের কেমন লাগে।’
কারাগারের পরিচালক সৈয়দ আহমেদ শাওকী বলেন, ‘কারাগার আমাদের আজ পর্যন্ত করা সবচেয়ে উচ্চাভিলাষী কাজ। প্রায় দেড় বছর আগে এ গল্পের আইডিয়াটা আমাদের মাথায় আসে। এতে রহস্য আছে, ইতিহাস ও নাটকীয়তা আছে। অভিনয়ের পাওয়ার হাউজ সব শিল্পীকে আমি আমার সেটে পেয়েছি। এটা সত্যিকার অর্থেই একটি ড্রিম কাস্টিং। এ রকম শিল্পীদের একসঙ্গে পারফর্ম করতে দেখাটা অন্যরকম একটি আনন্দের ব্যাপার।’
এ সিরিজে আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিণ, এফএস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ আরো অনেকে।
কারাগার সিরিজ সম্পর্কে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘নতুন গল্প বলার যে প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে, কারাগার তার নবতম ও অন্যতম সংযোজন। যে স্কেলে সিরিজটা শুট করা হয়েছে, সেটা সম্ভবত বাংলা ওয়েব কনটেন্টের ইতিহাসে প্রথমবারের মতো হলো। এ সিরিজ দেখার পর দর্শকদের বাংলা ওয়েব কনটেন্টের প্রতি দৃষ্টিভঙ্গী বদলে যাবে বলে আমাদের বিশ্বাস।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হইচই জানিয়েছে, চলতি সপ্তাহেই সিরিজটির ট্রেলার রিলিজ করা হবে। ২০২০ সালে হইচইয়ের ওয়েব সিরিজ ‘তাকদীর’ পরিচালনা করেছিলেন সৈয়দ আহমেদ শাওকী, যেখানে চঞ্চলের অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। এবারের সিরিজটিও এমন কিছু হতে যাচ্ছে বলে ভাবছেন দর্শকরা।










