দক্ষিণী ভারতের অভিনেতা সুরিয়া এবার তামিল চলচ্চিত্রে রেকর্ড তৈরি করতে চলেছেন নতুন সিনেমা কাঙ্গুভারের মধ্য দিয়ে। ‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর মতো সিনেমা তামিল চলচ্চিত্রে সাফল্যের পাশাপাশি এ ধরনের আরো সিনেমা নির্মাণে উৎসাহ তৈরি করেছে। সে জায়গা থেকেই একইভাবে এগিয়ে যেতে কাঙ্গুভা সিনেমার প্রযোজনা ও বাকি বিষয়গুলোও নিয়েও কাজ করেছে পুরো দল। সম্প্রতি সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে এবং এর মধ্য দিয়েই অনুমান করা যাচ্ছে তামিল চলচ্চিত্রে আরো একটি ব্লকবাস্টার সিনেমা হতে চলেছে কাঙ্গুভা। এছাড়া সূত্রমতে জানা গেছে, প্রায় ১০ হাজার মানুষ নিয়ে কাঙ্গুভারের একটি দৃশ্যেরই কেবল শুটিং হয়েছে। সংবাদটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকা সুরিয়ার ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

ভারতীয় বিনোদনমাধ্যম ইন্ডিয়া টুডের মতে, একটি যুদ্ধের দৃশ্যে অভিনেতা ববি দেওলের সঙ্গে প্রায় ১০ হাজার সহযোগীকে দেখা গেছে। সিনেমা নির্মাতা শিভা এ সিনেমার প্রতিটি দৃশ্য থেকে শুরু করে সিনেমার গল্প সবকিছুতেই নিজের শত ভাগ দেয়ার চেষ্টা করেছেন। এ সিনেমার গল্প ঐতিহাসিক যুদ্ধ-বিদ্রোহ ও দ্বন্দ্ব নিয়ে নির্মিত। 

‘নির্মাতা শিভা, স্টুডিও গ্রিন সবাই মিলে সিনেমার প্রতিটি প্লট নিয়ে এমনভাবে কাজ করেছেন যেন সিনেমাটির প্রতিটি দৃশ্য গল্পের সঙ্গে মানিয়ে যায়। সিনেমার সবচেয়ে বড় যুদ্ধের দৃশ্য যেখানে ববি দেওল, সুরিয়া শিভাকুমার ও দশ হাজারের বেশি মানুষ ছিল’, জানিয়েছে সিনেমাটির প্রযোজনা গ্রুপ। 

শিভা ও সিনেমা প্রযোজক জ্ঞানভেল রাজ চেষ্টা করেছেন উন্নতমানের বিদেশী সব টেকনোলজি ব্যবহারে সিনেমাটি নির্মাণের। যেন কাঙ্গুভাকে আন্তর্জাতিক মানের সিনেমা হিসেবেই পর্দায় দর্শক উপভোগ করতে পারে। নির্মাণ কাজ শুরুর প্রথম থেকেই জ্ঞানভেল কাঙ্গুভা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এবং তিনি জানিয়েছেন, সিনেমাটি মোট আটটি ভাষায় মুক্তি পেতে চলেছে। কাঙ্গুভারের মধ্য দিয়ে বলিউড অভিনেতা ববি দেওল ও দিশা পাটানির তামিল চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটতে চলেছে। সিনেমার চিত্রগ্রহণে রয়েছেন ভেত্রি পালানি সামি ও গান দেবী শ্রী প্রাসাদের। এছাড়া সিনেমার পুরো টিমের বিশ্বাস ভারতীয় সিনেমার মানদণ্ড মেনেই কাঙ্গুভারের নির্মাণকাজ চলছে। দর্শকের জন্য থাকছে দারুণ কিছু অ্যাকশন দৃশ্য। চলতি বছরের শেষেই মুক্তি পেতে চলেছে বহুল আলোচিত কাঙ্গুভা। 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস