দেশের গুণী নাট্যকার, নির্মাতা ফেরদৌস হাসান। তার রচনা ও পরিচালনায় এ ঈদে চ্যানেল আইতে আসছে একটি নাটক। নাটকের নাম ‘সানগ্লাস’। এতে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত দুই গুণী শিল্পী দিলারা জামান ও আবুল হায়াত। এছাড়া এ নাটকে আরো অভিনয় করেছেন আশিক চৌধুরী, রেজমিন সেতু প্রমুখ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘সানগ্লাস কমেডি ঘরানার একটি নাটক। ফেরদৌস হাসানের নিজস্ব একটি ঘরানা আছে। সে ঘরানায়ই তিনি নাটক নির্মাণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। দীর্ঘদিন পর তার নির্দেশনায় নাটকে কাজ করে বেশ ভালো লাগল। তাছাড়া এ নাটকে বহুদিন পর দিলারা আপার সঙ্গে কাজ করার সুযোগ হলো। ধন্যবাদ ফেরদৌস হাসানকে সুন্দর গল্পে নাটক নির্মাণ করার জন্য।’ 

দিলারা জামান বলেন, ‘ফেরদৌস হাসানের নির্দেশনায় বহু নাটকে কাজ করেছি। অনেক যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন তিনি। সবচেয়ে বড় কথা, তার নাটকে একটা কিছু বলার চেষ্টা থাকে যা আমাদের জন্য কল্যাণকর।’ 

এ নাটকে অভিনয় প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের দুজন জীবন্ত কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় আবুল হায়াত স্যার ও দিলারা জামান ম্যাডামের সঙ্গে কাজ করার সৌভাগ্য সবার হয় না। আমার হয়েছে। এটাই আসলে অনেক বড় প্রাপ্তি। তাদের সঙ্গে আরো কাজ করে নিজেকে সমৃদ্ধ করতে চাই। আর দুজনই ভীষণ ভালো মনের মানুষ। তাদের জন্য অনেক দোয়া। ধন্যবাদ ফেরদৌস হাসান ভাই আমাকে এ কাজে সম্পৃক্ত করার জন্য, আপনার প্রতি কৃতজ্ঞতা।’ 

রেজমিন সেতু বলেন, ‘ফেরদৌস হাসান স্যারের পরিচালনায় এবারই আমার প্রথম কাজ করা। সব মিলিয়ে আমার চমৎকার অভিজ্ঞতা হলো। আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম আবুল হায়াত স্যার-দিলারা ম্যাডামের সঙ্গে একই নাটকে কাজ করা নিয়ে। আমি খুব আশাবাদী সানগ্লাস নাটকটি নিয়ে।’ 

উল্লেখ্য, আশিক চৌধুরী নাটকে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও মডেল হিসেবে সমাদৃত হয়েছেন। এছাড়া সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। দীপ্ত টিভিতে প্রচারিত আশীষ রায় পরিচালিত ‘জবা’ নাটকে রেজমিন সেতু নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তবে বর্তমানে তিনি খণ্ড নাটকেই বেশি সময় দিচ্ছেন।