নাটক ও চলচ্চিত্রের গুনী নির্মাতা চয়নিকা চৌধুরী। আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য চ্যানেল আইয়ের প্রযোজনায় নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘রাজপুত্র ও অপ্সরী’। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। এরই মধ্যে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা ও দর্শকপ্রিয় অভিনেতা জুনায়েদ বোগদাদী। এর মাধ্যমে একটি নতুন জুটি নিয়ে এলেন চয়নিকা। তার নাটকের মূল চরিত্রে প্রথম অভিনয় করছেন পারসা ও জুনায়েদ।

চয়নিকা চৌধুরী বলেন, ‘এর আগে ২০১৮ সালে আমার পরিচালিত ‘একদিন খুঁজেছিলো যারে’-তে একটি বিশেষ অতিথি চরিত্রে ইভানা অভিনয় করেছিল। এবারই প্রথম নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে ইভানা। দারুণ অভিনয় করেছে। আর জুনায়েদ বোগদাদী এবার প্রথম আমার পরিচালনায় কাজ করেছে। দুজনই সুন্দর অভিনয় করেছে। দুজনের জন্য শুভকামনা রইল।

চয়নিকা চৌধুরী জানান, নাটকে পারসা ইভানা অভিনয় করেছেন অবলা চরিত্রে এবং জুনায়েদ বোগদাদী অভিনয় করেছেন অর্ণব চরিত্রে। পারসা ইভানা বলেন, ‘ফারিয়া হোসেন আপা এ দেশের একজন বরেণ্য নাট্যকার। আর চয়নিকা দিদিও ভীষণ গুণী একজন নির্মাতা। নাটক নির্মাণে তিনি যেমন সফল, চলচ্চিত্র নির্মাণেও তিনি সফল। তার নির্দেশনায় ছয় বছর আগে একটি নাটকে বিশেষ চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছিল আমার। বেশ কয়েক বছরের বিরতির পর অবশেষে একটি চমৎকার গল্পে দিদির নির্দেশনায় নাটকে প্রধান চরিত্রে কাজ করার সুযোগ পেলাম। সুন্দর একটি গল্পে কাজ করার সুযোগ হলো। আশা করি দর্শকের ভালো লাগবে।’

জুনায়েদ বোগদাদী বলেন, ‘শ্রদ্ধেয় চয়নিকা চৌধুরী দিদির নির্দেশনায় নাটকে কাজ করার সৌভাগ্য হলো আমার। এটা সত্যিই অনেক ভালো লাগার। তার নির্দেশনায় কাজ করতে পেরে অনেক কিছু শেখা হলো, জানা হলো। আমি ও ইভানা দুজনেই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার।  আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’ 

ইভানা অভিনীত সর্বশেষ দর্শকপ্রিয় আলোচিত দুটি নাটক হচ্ছে জিয়াউল হক পলাশের ‘সন্ধ্যা ৭টা’ ও কাজল আরেফিন অমির ‘শেষমেশ’। শেষমেশে ইভানার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হন দর্শক। অভিনয়ের জন্য ভূঁয়শী প্রশংসিতও হন তিনি। এদিকে মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমায় অভিনয় করে জুনায়েদ বোগদাদী আলোচনায় এসেছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো ‘আমরণ বিয়েশন’, ‘মায়া’, ‘ভালোবাসা তবুও’, ‘এই যে আমি’, ‘মায়াবিনী’, ‘আমায় ছুঁয়েছিলে’, ‘যে জীবনে কোনো গল্প থাকে না’ ইত্যাদি।