দুনিয়ার বিনোদন জগতের সবচেয়ে প্রভাবশালী ইন্ডাস্ট্রি হলিউড। এ স্বপ্নপূরী কয়েক মাস ধরে কভিড-১৯ মহামারীর কারণে বন্ধ হয়ে আছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার গভর্নর জানিয়েছেন, কীভাবে কয়েক মাস লকডাউনে বন্ধ থাকার পর হলিউড খুলে যাবে। গভর্নর গেভিন নিওসম হলিউডে চলচ্চিত্র ও টেলিভিশন প্রডাকশনের শুটিং শুরু করার গাইডলাইন প্রকাশ করেছেন। সবারই জানা, নভেল করোনাভাইরাসের মহামারীতে লকডাউনে বন্ধ আছে হলিউডের সব কার্যক্রম।
‘২০২০ সালের ১২ জুনের পর হলিউডে সংগীত, টিভি ও চলচ্চিত্রের প্রডাকশনের কাজ ফের শুরু হবে’—এ কথা জানিয়ে বিবৃতি দিয়েছে ক্যালিফোর্নিয়ার জনস্বাস্থ্য বিভাগ। তবে অতি অবশ্যই এজন্য নির্দিষ্ট প্রটোকল মেনে চলতে হবে। গভর্নরের দপ্তরের মাধ্যমে তারা জানিয়েছে, ‘কভিড-১৯ সংক্রমণের ঝুঁকি কমাতে শিল্পী, ক্রু ও অন্য কর্মীদের সুরক্ষা প্রটোকল মেনে চলতে হবে। এসব বিধিনিষেধ স্থানীয় স্বাস্থ্য দপ্তর আরো বাড়াতে পারে।
মে মাসে গভর্নর গেভিন নিওসম যুক্তরাষ্ট্রের বিনোদন দুনিয়ার নেতাদের সঙ্গে আলোচনায় জানিয়েছিলেন, শিগগিরই লকডাউন-পরবর্তী হলিউডে শুটিংয়ের গাইডলাইন প্রকাশ করা হবে। তবে সম্প্রতি বর্ণবাদবিরোধী আন্দোলনে এ প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে।
এ সপ্তাহের শুরুতে ডিরেক্টরস গিল্ডসহ আরো অনেকগুলো সংগঠন কীভাবে শুটিং করা যায়, কেমন প্রটোকল প্রয়োজন, সে বিষয়ে ২২ পৃষ্ঠার একটি দলিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য সরকারের কাছে জমা দেয়। নিওসমের গাউডলাইন আসার আগে থেকেই চলচ্চিত্রসংশ্লিষ্টরা এ বিষয়ে ভাবছিলেন এবং তাদের প্রস্তাবগুলো সরকারের কাছে জমা দেন।
টাইলার পেরি’স আটলান্টা স্টুডিওজ প্রথম এ ধরনের প্রস্তাবনা প্রকাশ করেছিল। তারা বলেছিল, তাদের টিভি শো সিসতাস ও দি ওভলের সব শিল্পীকে কভিড-১৯ পরীক্ষা করানোর পর তারা কাজ শুরু করবে। এরপর তাদের ১৬ দিন সেলফ কোয়ারেন্টিনে রেখে শুটিং শুরু করা হবে।
সূত্র: হলিউড রিপোর্টার










