নাসেক নাসেক গান দিয়ে দর্শক মাতিয়েছেন অনিমেষ রায়। এবার তাকে পাওয়া যাবে প্লেব্যাকে। সোহেল রানা বয়াতির নির্মাণাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’-এ ‘ সোনার মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন অনিমেষ রায়। গীতিকবি সুজন হাজংয়ের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী।
গানটি নিয়ে অনিমেষ রায় বলেন, ‘আমি ভাগ্যবান। জীবনের প্রথম চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি শ্রদ্ধেয় ইমন ভাইয়ের সংগীত পরিচালনায়। আসলে এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গীতিকবি সুজন দাদা ও পরিচালক বয়াতি ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ।’
সুজন হাজং বলেন, ‘জীবন প্রবহমান নদীর মতো। জীবনের নানামুখী বাঁক আছে, প্রেম ও বিরহের আখ্যান আছে। নয়া মানুষ সিনেমার গল্প চরাঞ্চলের মানুষের বেঁচে থাকার সংগ্রামকে নিয়ে। এমন একটি জীবনঘনিষ্ঠ সিনেমায় গান লিখতে পেরে আমি উচ্ছ্বসিত।
পরিচালক সোহেল রানা জানান, সুজন হাজংয়ের সঙ্গে গানটি নিয়ে অনিমেষ রায় তিন বছর আগে থেকে পরিকল্পনা করেছেন। গান প্রসঙ্গে ইমন চৌধুরী বলেন, ‘আমাদের দেশীয় চলচ্চিত্রের প্রতি আমার অন্য রকম ভালোবাসা কাজ করে। নয়া মানুষ চলচ্চিত্রটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে। চরের মানুষের জীবনের সঙ্গে যে সুর জড়িয়ে আছে, সে আবহ ধরেই গানটির আয়োজন করেছি।’ আ মা ম হাসানুজ্জামানের
‘ বেদনার বালুচর’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত হচ্ছে ‘নয়া মানুষ।










