প্রথম এবং সাতবারের বন্ড শন কনোরি আর নেই। তার বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল বিবিসির এক প্রতিবেদনে তার পরিবারের বরাত দিয়ে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। বিবিসির দেয়া তথ্যানুসারে, শুক্রবার দিবাগত রাতে স্যার শন কনোরি বাহামায় ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন। তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। চলতি বছর আগস্টেই তিনি তার ৯০তম জন্মদিন পালন করেছিলেন।
স্কটিশ এ অভিনেতা জনপ্রিয় জেমস বন্ড চরিত্রের জন্য বিখ্যাত। তিনি প্রথম এ চরিত্রে পর্দায় হাজির হয়েছিলেন এবং সাতটি স্পাই থ্রিলারে অভিনয় করেন।
প্রখ্যাত এ অভিনেতার অভিনয়জীবন কয়েক দশকজুড়ে বিস্তৃত। জীবদ্দশায় তিনি অনেক পুরস্কার লাভ করেছিলেন। এর মধ্যে আছে অস্কার, দুটি বাফটা পুরস্কার ও তিনটি গোল্ডেন গ্লোব।
স্যার শনের অনেক জনপ্রিয় ছবির মধ্যে দ্য হান্ট ফর রেড অক্টোবর, ইন্ডিয়ানা জোনস অ্যান্ড লাস্ট ক্রুসেড ও দ্য রক অন্যতম। তবে তিনি স্মরণীয় হয়ে আছেন জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির জন্য। অনেকে তাকে সেরা বন্ড অভিনেতা হিসেবে গণ্য করেন।
তিনি একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন ১৯৮৮ সালে। তখন তিনি আইরিশ পুলিশ হিসেবে তার অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেতা হিসেবে মনোনীত হয়েছিলেন। প্রখ্যাত এ অভিনেতা ২০০০ সালে হলিরুড প্যালেসে রানীর কাছ থেকে নাইট খেতাবে ভূষিত হয়েছিলেন।
শন কনোরির মৃত্যুতে শোক জানিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেয়ন। তিনি বলেন, ‘স্যার শন কনোরির মৃত্যুর খবরটা সকালে জানতে পেরে আমি ভেঙে পড়েছি। আমাদের জাতি আজ তার শ্রেষ্ঠ এক সন্তানকে হারিয়ে শোকাহত। এডিনবরার এক শ্রমজীবী পরিবারে তার জন্ম হয়েছিল। কিন্তু তিনি তার মেধা ও কঠোর পরিশ্রম দিয়ে একজন আন্তর্জাতিক আইকনে পরিণত হয়েছিলেন। তিনি বিশ্বের অন্যতম সেরা অভিনেতাদের একজন ছিলেন। তিনি একজন ক্ল্যাসিক বন্ড হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।’
সূত্র: বিবিসি










