‘জিরো’ ছবির মুক্তির পর কেটে গিয়েছে চার বছর। দীর্ঘ এ বিরতির পর আবার বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অবশ্য মাঝেমাঝে ক্যামিও রোলে পাওয়া গেলেও লিড রোলে অভিনয় করেননি তিনি। তাই আসন্ন ‘পাঠান’ নিয়ে মানুষের মনে কৌতূহল রয়েছেই। তার ওপর ছবি ঘিরে সম্প্রতি তৈরি হওয়া একাধিক বিতর্ক কৌতুহল আরো বাড়িয়ে দিয়েছে।

‘পাঠান’ ছবিতে বহু বছর পর চেনা ছকের বাইরে এসে ধুন্ধুমার অ্যাকশন করতে দেখা যাবে শাহরুখকে। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) মুক্তির দুই সপ্তাহ আগে সামনে এল বহু প্রতীক্ষিত ট্রেলার।

প্রকাশিত ট্রেলারটির শুরুতেই দেখা যায় জন আব্রাহাম একটি বাজুকা নিয়ে হাজির হয়েছেন এর সঙ্গে ডিম্পল কাপাডিয়ার ভয়েস ওভার— এ ভিলেনের নেতৃত্বে সন্ত্রাসী গোষ্ঠী ভারতে বড় কোনো আক্রমণের পরিকল্পনা করছে। তার সঙ্গে লড়াই করতে আসছে পাঠানরূপী শাহরুখ। নির্বাসন থেকে ফিরছে সে। এরপরই ট্রেলারে এন্ট্রি হয় শাহরুখের।

ভারী কণ্ঠস্বরে শাহরুখের মুখে সংলাপ, ‘পাঠানের ঘরে পার্টি করতে আসলে পাঠান তো আপ্যায়ন করবেই’। শুরু হয় শাহরুখ ও জনের ধুন্ধুমার ফাইটিং দৃশ্য। পাশাপাশি দেখানো হয়েছে অল্পস্বল্প রোম্যান্সও। ছিলেন দীপিকা— ট্রেলারে দীপিকার ডায়লগ, পাঠানোর মতো সেও দেশের সৈন্য। তাই এই মিশনে তারা একসঙ্গে কাজ করতে পারে— ‘তুমি করতে চাও, নাকি বেরিয়ে যেতে চাও?’

জানা গিয়েছে, একটি মিশনকে কেন্দ্র করে সাজানো হয়েছে পুরো ছবির প্লট। মিশনে শাহরুখের সঙ্গী হবেন দীপিকা। তাকেও দেখা গিয়েছে অ্যাকশনে যোগ দিতে। এরপর সব অসাধ্য সাধন করতে যান সিনেমার নায়ক-নায়িকা-ভিলেনকে।


ছবির নির্মাতা সিদ্ধার্থ আনন্দ আগেই জানিয়েছিলেন, ‘পাঠান’ হতে চলেছে অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর। এখন দেখার বিষয়, আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর কতটা সাড়া ফেলতে পারে শাহরুখের বহুল প্রতিক্ষীত ছবিটি।

এ ছাড়া ট্রেলারের মাধ্যমে উন্মুক্ত হলো প্রযোজক আদিত্য চোপড়ার স্বপ্নের প্রজেক্ট ‘স্পাই ইউনির্ভাসের’ লোগো। এ ইউনিভার্সে  এক হচ্ছে টাইগার, পাঠান ও ওয়ার সিরিজের সিনেমাগুলো।