আসন্ন ঈদুল আজহার বিশেষ আকর্ষণ হিসেবে এবার তিনি হাজির হচ্ছেন একদম ভিন্নধর্মী এক প্রেমের গল্প নিয়ে। সিএমভির ব্যানারে সদ্য শুটিং শেষ হওয়া ‘অমর প্রেম’ নামের একটি বিশেষ ঈদ নাটকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। নাটকে তটিনীর বিপরীতে জুটি বেঁধেছেন তরুণ অভিনেতা পার্থ শেখ।
নাটকটির গল্প গড়ে উঠেছে গ্রামীণ পটভূমি ও দুই অঞ্চলের ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে। ধীরলয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর দুই পারে অবস্থিত দুটো গ্রাম মির্জাপুর আর শাহজাহানপুর। বাহাদুর মির্জার কথায় মির্জাপুরের সবকিছু চলে। অন্যদিকে শাহজাহানপুরের প্রধান কর্তা শাহজাহান খান, যার ইশারায় সেখানে সবকিছু ঘটে। নিজেদের ক্ষমতা প্রমাণের জন্য সবসময় এক গ্রাম অন্য গ্রামের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে।
ঘটনাক্রমে এক বিয়েবাড়ির অনুষ্ঠানে বাহাদুর মির্জার ছেলে পার্থর সঙ্গে শাহজাহান খানের মেয়ে রাইসার (তটিনী) পরিচয় হয়। নাটকটির মূল গল্প মূলত এখান থেকেই শুরু হয়। শেষটা হয় দুর্দান্ত প্রেম আর ভয়ংকর এক ক্ষমতার লড়াইয়ের মধ্য দিয়ে, যার মূল কেন্দ্রে থাকে পার্থ ও রাইসার এ নিষিদ্ধ ভালোবাসা।
নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন এবং নির্মাতার সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন শাহরিয়ার সজীব। তটিনীর সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তরুণ এ নির্মাতা বলেন, ‘সময়ের জনপ্রিয় অভিনেত্রী তটিনীর সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। এ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য সত্যিই দারুণ ছিল। পুরো টিম খুব আন্তরিকভাবে কাজ করেছে, বিশেষ করে তটিনী ও পার্থ আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছেন।’
নাটকটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে নির্মাতা সুজন আরো বলেন, ‘নাটকটির গল্পে অন্য এক প্রেমের আবহ ফুটে উঠবে। এর প্রতিটি সংলাপে যেমন আবেগ আছে, তেমনি চরিত্রগুলোর মধ্যে আলাদা একটা অনুভূতি রয়েছে, যা দর্শকের মন ছুঁয়ে যাবে বলেই আমার বিশ্বাস।’
রোমাঞ্চ, নাটকীয়তা ও পারিবারিক আবহে নির্মিত ‘অমর প্রেম’ নাটকের বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপুসহ অনেকেই। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ উৎসবের বিশেষ চমক হিসেবে সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অমর প্রেম নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে।









