গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমার একটি ছিল কিলিয়ান মারফির ‘ওপেনহাইমার’। যিনি এ বছরের শুরুতে সিনেমাটির জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন। সম্প্রতি জানা গেছে, মারফিকে দেখা যাবে আবারো ‘পিকি ব্লাইন্ডার্স’ সিনেমায় টমি শেলবি চরিত্রে।

মারফি বলেন, ‘মনে হচ্ছে টমি শেলবি চরিত্রটিতে আমার কাজ শেষ হচ্ছে না। পিকি ব্লাইন্ডার্সের সিকুয়ালে স্টিভেন নাইট ও টম হার্পারের সঙ্গে আবারো কাজ করা খুবই আনন্দের। এবারের কাজটি আমার ভক্তদের জন্য।’  

পিকি ব্লাইন্ডার্স নির্মাতা স্টিভেন নাইট পরিচালিত ২০১৩ সালের একটি ব্রিটিশ ক্রাইম ড্রামা টেলিভিশন সিরিজ। ইংল্যান্ডের বার্মিংহাম শহরে প্রথম বিশ্বযুদ্ধের পর পিকি ব্লাইন্ডার্স নামক একটি অপরাধমূলক দলের কাজগুলোই পর্দায় তুলে ধরা হয়েছে। সিরিজটি ২০২২ সালে ছয়টি পর্বে শেষ হয়েছিল। তবে নির্মাতা জানিয়েছিলেন, পরবর্তী সময়ে গল্পটি অন্য ফর্মে সামনে এগিয়ে নিতে পারেন। 

২০১৩ সালে পিকি ব্লাইন্ডার্সের প্রথম পর্বের পরিচালক হার্পার সম্প্রতি নিশ্চিত করেছেন অবশেষে এটি সিনেমা হিসেবে তৈরি হতে চলেছে। তিনি বলেন, ‘এটি হবে পিকি ব্লাইন্ডার্স গল্পের একটি অন্যতম অধ্যায়। কোনো ধারাবাঁধা নেই। যুদ্ধে পরিপূর্ণ পিকি ব্লাইন্ডারস।’ 

এ বছরের শেষের দিকেই পর্দায় দেখা যাবে চলচ্চিত্রটি। ধারণা করা হচ্ছে, গ্যাংস্টার কাহিনী প্লটে বহু পুরস্কারের তালিকায় থাকবে এ সিনেমা। ১৯১৯ ও ১৯৩৪ সালে বার্মিংহামে পিকি ব্লাইন্ডার্সের"সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা বিপর্যয়ের গল্প নিয়েই এ সিনেমা।  

টম হার্পার আরো বলেন, ‘যখন আমি ১০ বছর আগে প্রথম পিকি ব্লাইন্ডার্স পরিচালনা করি, আমরা জানতাম না সিরিজটি কেমন হবে। কিন্তু আমরা জানতাম চরিত্রের রসায়ন ও চিত্রনাট্য লেখার মধ্যে এমন কিছু ছিল, যা বিস্ফোরক মনে হয়েছিল। তাই নেটফ্লিক্সে সারা বিশ্বের দর্শকের কাছে সিনেমাটি নিয়ে আসার জন্য স্টিভ ও কিলিয়ানের সঙ্গে পুনরায় মিলিত হওয়া ভীষণ আনন্দের।’

সিরিজের পর এবার সিনেমাটিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রচেষ্টায় রয়েছেন পিকি ব্লাইন্ডার্সের পুরো টিম। 

সূত্র: হিন্দুস্তান টাইম