বলিউড অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট নিজের জায়গা পোক্ত করেছেন। এর মধ্যে তিনি মাও হয়েছেন। সংসার করছেন চুটিয়ে। সম্প্রতি এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি জানালেন কেমন করে সংসার ও কাজের মধ্যে সাম্যাবস্থা আনেন। আলিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশন করেছিলেন। সেখানে বহুজন বহু রকম প্রশ্ন করেছেন। কিছু প্রশ্ন ছিল কন্যা রাহাকে নিয়ে। এসব প্রশ্নের উত্তর দিয়েছেন আলিয়া। পাশাপাশি তিনি জানান, আবেগে বাধা দিলে অনেক সময় ভালোর তুলনায় খারাপই হয়।

ভক্তদের একজন প্রশ্ন করেছিলেন যে আলিয়া কেমন করে দুশ্চিন্তার (অ্যাংজাইটি) সঙ্গে লড়াই করেন। এ নিয়ে আলিয়া বলেন, ‘আমি জানি, কিছু বিষয় আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে। যেমন হঠাৎ কাজের চাপ বা এমন কিছু, যার ওপর আমার নিয়ন্ত্রণ নেই। এটা জানতে বা বুঝতে আমার সময় লেগেছে। এখন আমি চেষ্টা করি বুঝতে যে এমন সময় কখন আসতে পারে। আমি খেয়াল করি। বিষয়গুলো চেপে বসছে কিনা। এভাবেই নিজেকে ঠিক রাখি।’

কিন্তু সবসময় আবেগকে বেঁধে রাখাও উচিত নয়। এ নিয়ে আলিয়া বলেন, ‘ভালো লাগা, মন্দ লাগা বা আপনার মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক সময় আবার ভালোর চেয়ে মন্দই বেশি হয়। ভালো হয়, আপনি বিশ্বস্ত বন্ধুর সঙ্গে নিজের মানসিক অবস্থা নিয়ে কথা বলুন। বিষয়টা সাহায্য করে।’

শুটিং থাকলে রাহাকে বাড়িতে রেখে যেতে হয় আলিয়ার। একজন ভক্ত জানতে চেয়েছেন রাহাকে রেখে যাওয়ার ক্ষেত্রে দুশ্চিন্তায় ভোগেন কিনা আলিয়া। এ নিয়ে তিনি বলেন, ‘ওকে ছেড়ে যাওয়াটা সহজ নয়। রাহাকে একা রেখে শুটিংয়ে যেতে ইচ্ছা করে না। আমার মনে হয় আরো কিছুদিন সময় লাগবে অভ্যস্ত হতে। তবে সে তো পরিবারের সঙ্গেই থাকে। তাই ওকে একা রেখে যাওয়ার অপরাধবোধটা কম হয়।’

আরেকজন ভক্ত জানতে চেয়েছিলেন, আলিয়া সত্যিকার অর্থে তার জীবন নিয়ে খুশি কিনা। এর উত্তরে আলিয়া জানান, তিনি দারুণ সুখী।

আজকাল অনেক অভিনেতাই আস্ক মি এনিথিং বা এ জাতীয় সেশন করেন। এতে ভক্তদের সঙ্গে তাদের যোগাযোগ বাড়ে। তাছাড়া এ সেশনের মাধ্যমে তারা ভক্তদের কাছে নানা বার্তাও পৌঁছে দেন। যেমন এ সেশনের মাধ্যমে আলিয়া তার দর্শকদের কিছু বার্তা দেন মানসিক স্বাস্থ্য নিয়ে। এর আগেও নানা সময় প্রশ্নোত্তর সেশনে ভক্তদের তিনি মানসিক স্বাস্থ্য বিষয়ে নানা পরামর্শ দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস