ইন্ডিয়া টুডে কনক্লেভে সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের সঙ্গে আলাপকালে অভিনয়জীবনের পথচলা, সিনেমা বাছাইয়ের কারণ, সমালোচনা ও নাগরিকত্ব সংক্রান্ত বিতর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে রাজদীপ সরদেশাই অক্ষয়ের সাম্প্রতিক সময়ের ‘কেশরী’, ‘এয়ারলিফট’, ‘বেবি’ ও ‘মিশন মঙ্গল’-এর মতো চলচ্চিত্রগুলো উদাহরণ টেনে বলেন, ‘সিনেমাগুলো জাতীয় গৌরব, দেশপ্রেম ও নিরাপত্তা ঘিরে নির্মিত। এখন প্রশ্ন উঠছে, অক্ষয় তার কানাডিয়ান নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্ন ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে এ ধরনের ছবি বেছে নিয়েছেন কিনা?’

প্রশ্নের জবাবে অক্ষয় কুমার স্পষ্টভাবে বলেন, ‘আমি কোনো কাজই ইমেজ বানানোর জন্য করি না। আমি অনেক ধরনের কাজ করি, কিন্তু জাতীয়তাবাদী ইমেজ তৈরি করার জন্য নয়। আমি শুধু সে কাজই করি, যা আমার ঠিক মনে হয়। মনে হয় এটা করা উচিত, তাই করে ফেলি।’

অক্ষয়ের ভাষায়, নব্বই দশকের শেষের দিকে তার ক্যারিয়ারে চরম মন্দা দেখা দিয়েছিল। পর পর ১৬-১৭টি সিনেমা ফ্লপ হওয়ার পর তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। অক্ষয় বলেন, ‘আমার কাছে কাজ ছিল না বললেই চলে, হাতে মাত্র তিন-চারটি সিনেমা বাকি ছিল। তখন আমি ভাবলাম, মানুষ তো অন্য কিছু করার কথাও ভাবে।’

কানাডীয় পাসপোর্টের বিষয়টি স্বীকার করে তিনি জানান, সেই কঠিন সময়েই কানাডায় থাকা তার এক বন্ধু সেখানে ছোটখাটো একটি ব্যবসা শুরু করার পরামর্শ দিয়েছিলেন। সে সম্ভাবনা খতিয়ে দেখতে গিয়ে তিনি কানাডীয় পাসপোর্ট পাওয়ার সুযোগ পান।

কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। মুক্তির অপেক্ষায় থাকা তার কয়েকটি সিনেমা ভালো ব্যবসা করে। তিনি আবার বলিউডে নতুন কাজের প্রস্তাব পেতে শুরু করেন। ফলে কানাডায় চলে যাওয়ার পরিকল্পনা তিনি আর এগিয়ে নেননি।

পাসপোর্ট বিতর্ক প্রসঙ্গে অক্ষয় জোর দিয়ে বলেন, অন্য কোনো পাসপোর্টই তার পরিচয় নির্ধারণ করে না। তার ভাষায়, ‘ভারতের সঙ্গে আমার সম্পর্ক সবসময় গভীর। আমি ভারতীয় আর ভারতীয়ই থাকব।’

সমালোচকরা যাই বলুক না কেন, তিনি নিয়মিতভাবে আয়কর পরিশোধ করেন। ক্ষোভ প্রকাশ করে এ মেগাস্টার বলেন, ‘মানুষ প্রায়ই কারো ভালো কাজকে উপেক্ষা করে বিতর্ককে বেশি গুরুত্ব দেয়।’

বিতর্ক, সমালোচনা ও নানা আলোচনার মধ্যেও বলিউডে নিজের ব্যস্ত সময়সূচি ধরে রেখেছেন অক্ষয় কুমার। প্রিয়দর্শন পরিচালিত হরর-কমেডি চলচ্চিত্র ‘ভূত বাংলা’য় অভিনয় করেছেন অক্ষয়। সিনেমাটি আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এ সিনেমার মাধ্যমে অক্ষয় ও প্রিয়দর্শনের জনপ্রিয় জুটি আবারো একসঙ্গে কাজ করছে।

এছাড়া থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘হাইওয়ান’-এ তিনি সাইফ আলী খানের সঙ্গে অভিনয় করবেন। সেখানে অক্ষয়কে একটি নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে। ছবিটি মুক্তির সম্ভাব্য সময় আগস্ট ২০২৬। এদিকে রোহিত শেঠী পরিচালিত জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘গোলমাল ৫’-এও যোগ দিয়েছেন অক্ষয়। মাল্টিস্টারার কমেডি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ তার আরেকটি বড় প্রকল্প। ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এ সিনেমা চলতি বছরের জুনে মুক্তি পাওয়ার কথা।