দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল সম্প্রতি কাজ করে গেছেন কলকাতায়। তথাগত সিঙ্ঘার ছবি উমায় দেখা যাবে কাজলকে। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। শনিবার কলকাতায় উমার শুটিং শেষ করেন কাজল। ছবিতে আরো আছেন তিন্নু আনন্দ, হর্ষ ছায়া, মেঘনা মালিক প্রমুখ।
নির্মাতারা একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে উমার চরিত্র সম্পর্কে দর্শক ধারণা পাবেন। উমার শুটিং শুরু হয়েছিল ৬ জুলাই। কভিড প্রটোকল মেনে একটানা কাজ করে শেষ করা হয়েছে শুটিং।
শুটিং শেষ করে উমা চরিত্রটি নিয়ে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি কাজল। কাজটি তার মধুর স্মৃতি হয়ে থাকবে বলে জানিয়েছেন। ‘উমা চরিত্রে কাজ করতে গিয়ে আমার অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। পরিচালক তথাগত সিঙ্ঘা, প্রযোজক অভিষেক ঘোষসহ সব শিল্পী অসাধারণ মানুষ। অনেক চরিত্র আপনার সঙ্গে রয়ে যাবে এবং উমাও আমাকে একটা গভীর, সুন্দর স্মৃতিতে ডুবিয়ে রাখবে। এটা এমন একটা ছবি, যেটা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। হূদয়ে এমন চরিত্র আবার করার ইচ্ছাটা থেকে যাবে।’
উমা হবে একটি পারিবারিক ছবি। অভিজাত একটি পরিবারে বিয়ের অনুষ্ঠানে সব আত্মীয়স্বজন জড়ো হয়েছে। কিন্তু হঠাৎ সেখানে আগন্তুক উমা হাজির হন। তার চরিত্র রহস্যময়। ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা।
উমা ছাড়াও কাজল আগারওয়ালের হাতে আছে বেশ কয়েকটি ছবি—হেই সিনামিকা, ইন্ডিয়ান টু ও আচার্য।
সূত্র: পিংকভিলা










