শিশুদের বিকাশ আর আনন্দ দেয়ার জন্য নিয়মিত আয়োজন করছে দুরন্ত টেলিভিশন। শিশুদের জন্য কার্টুন ও নাটকের প্রচার তো আছেই। সেই সঙ্গে বিশ্বখ্যাত শিশুতোষ সিনেমাও বাংলা ভাষায় প্রচার করছে তারা। সে ধারাবাহিকতায় আজ দুরন্ত টেলিভিশনে প্রচার করতে যাচ্ছে দুটি সিনেমার বাংলা প্রিমিয়ার। ইংরেজি ভাষার এ সিনেমা দুটি হচ্ছে ‘১০০% উল্ফ’ ও ‘মিয়া অ্যান্ড মি: দ্য হিরো অব সেন্টোপিয়া’।
সিনেমা দুটির প্রচারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে টেলিভিশন চ্যানেলটির পক্ষ থেকে। দুরন্ত টেলিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেলা ৩টায় ‘১০০% উল্ফ’ ও রাত ১০টায় ‘মিয়া অ্যান্ড মি: দ্য হিরো অব সেন্টোপিয়া’ সিনেমা প্রচার হবে দুরন্ত পর্দায়।
১০০% উল্ফ সিনেমাটি বিশ্বের অন্যতম জনপ্রিয় শিশুতোষ সিনেমা। এ সিনেমার গল্পটা মায়া নেকড়ের পরিবারের ফ্রেডিকে নিয়ে। ফ্রেডির বাবা ফ্ল্যাশহার্ট নেকড়েদের দলপ্রধান। প্রতি রাতেই নেকড়েরা মানুষকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বের হয়। এছাড়া রাতেই তারা খাবার সংগ্রহ করে। অন্যদিকে অনেকের ধারণা নেকড়েরা শুধু মানুষের ক্ষতি করে। এজন্য তারা নেকড়ে ধরার ফাঁদ তৈরি করে। একদিন ফ্ল্যাশহার্ট একজন মানুষকে বাঁচাতে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এখান থেকেই শুরু হয় ফ্রেডির লড়াই। ফ্রেডির আংটি উদ্ধার, বিপদে পড়া, সেখান থেকে ফিরে আসা এমন সব রোমাঞ্চকর ঘটনা নিয়েই এগিয়ে যায় ছবিটির গল্প।
অন্যদিকে মিয়া অ্যান্ড মি: দ্য হিরো অব সেন্টোপিয়ায় মিয়া নামের একটি মেয়েকে নিয়ে এ সিনেমার কাহিনী। জাদু আর রোমাঞ্চ নিয়েই এগিয়ে যাবে সিনেমাটি। মিয়ার জন্মদিনে তার বাবা তাকে একটি বই ও ব্রেসলেট উপহার দেয়। ব্রেসলেটের জাদুকরী ক্ষমতা ছিল। ব্রেসলেটের সংকেত পেয়ে মিয়া চলে যায় এলফদের রাজ্য সেন্টোপিয়ায়। সেখান থেকেই শুরু হবে গল্পটি।










