একের পর এক সিনেমা করে যাচ্ছেন অক্ষয় কুমার। সম্প্রতি শীর্ষ করদাতা হিসেবে সম্মাননাপত্র পেয়েছেন তিনি। এর আগেও তিনি শীর্ষ করদাতা হয়েছেন। বলিউড অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়ার জন্য একাধিকবার শিরোনামে এসেছেন অক্ষয়। কিন্তু বলিউডে অভিনেতাদের কাছাকাছি পারিশ্রমিক পান না অভিনেত্রীরা। এ নিয়ে অভিযোগ করেছেন তাপসী পান্নু। এক সাক্ষাত্কারে অনুরাগ কাশ্যপ তাকে অক্ষয়ের সঙ্গে তুলনা করলে তাপসী বলেন, সিনেমার মান ও সংখ্যার দিক থেকে মিল থাকলেও পারিশ্রমিকে ফারাক আছে। তখনই অনুরাগ জানান, অক্ষয় বৈশ্বিকভাবেই শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় ষষ্ঠ স্থানে আছেন।

অনুরাগ কাশ্যপের এ কথার সমর্থন পাওয়া যায় ফোর্বসের হিসাব থেকে। ফোর্বস ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ফোর্বস ইউএসের ২০১৯ সালের হিসাবে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া একমাত্র ভারতীয় তারকা ছিলেন অক্ষয়। সাড়ে ৬ কোটি ডলার (৫১৭ কোটি রুপি) নিয়ে তিনি ৩৩তম অবস্থানে ছিলেন। ২০২০ সালে তিনি সর্বোচ্চ পারিশ্রমিকের ক্ষেত্রে ষষ্ঠ অবস্থানে এগিয়ে আসেন। এ প্রতিবেদনে আরো বলা হয়, অক্ষয় প্রতি বছর প্রায় ৫ কোটি ডলার (৩৮৫ কোটি রুপি) আয় করেন।

এ বছর মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘বচ্চন পান্ডে’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’। এছাড়া মুক্তির অপেক্ষায় ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’সহ আরো দুটি সিনেমা।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস