বেআইনি প্রবেশ ও চুরি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন হলিউডের সুপারহিরো
সিনেমার তারকা এজরা মিলার। এর মধ্যে অনুপ্রবেশের অভিযোগে এক বছরের প্রবেশন ও জরিমানা
করা হয়েছে। খবর ভ্যারাইটি।
গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) বেনিংটনের একটি আদালতে
হাজির হন ‘ফ্যান্টাস্টিক
বিস্টস’ ও ডিসি কমিকসের ‘দ্য ফ্ল্যাশ’-খ্যাত তারকা। ওই সময় জেল এড়াতে আবেদন করেন
তিনি।
রায়ে ৫০০ ডলার জরিমানা ও এক বছরের প্রবেশন বা নজরদারিতে থাকার
কথা বলা হয়েছে। এ সময় মিলার ৪১টি শর্তে সম্মত হন। যার কারণে মদ্যপান করতে পারবেন না তিনি। এছাড়া মাদক পরীক্ষা ও
মানসিক চিকিত্সা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
৩০ বছর বয়সী মিলার গত মে মাসে এক প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করেন। এরপর কয়েকটি মদের বোতল চুরি করেন। অভিনেতার বিরুদ্ধে প্রাথমিকভাবে অনুপ্রবেশ, চুরি ও ছোটখাট
লুটপাটের অভিযোগ আনা হয়েছিল। পরবর্তীতে দুটি অভিযোগ বাদ দেয়া হয়। অভিযোগ
কমিয়ে আনা না হলে এজার মিলার সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতেন।
সাম্প্রতিক সময়ে একাধিক
অভিযোগের মুখে পড়েন মিলার। গত বছর হাওয়াই দ্বীপে দুবার গ্রেফতার হন তিনি। উচ্ছৃঙ্খল
আচরণ ও হয়রানির অভিযোগ আনা হয় এক অভিযোগে। এর আগেও আইসল্যান্ডের বারে এক নারীর শ্বাসরোধ করার
অভিযোগ ওঠে।
গত আগস্টে মিলার আগের আচরণের জন্য
ক্ষমা চেয়েছিলেন। তখন জানিয়েছিলেন, মানসিক
চিকিৎসা নেবেন তিনি।
এদিকে আগামী ১৬ জুন
মুক্তি পাচ্ছে এজরা মিলার অভিনীত ‘দ্য ফ্ল্যাশ’। ডিসির এই সুপারহিরো চরিত্রে একাধিকবার
অভিনয় করলেও এটি হতে যাচ্ছে প্রথম একক সিনেমা।










