এসময়ের তরুণ শিল্পীদের মধ্যে এগিয়ে আছেন মুহিন খান। শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হওয়ার পাশাপাশি একজন মেধাবী সুরকার ও সংগীত পরিচালকও বটে। এরই মধ্যে সিনেমায় প্লে-ব্যাক করার পাশাপাশি সিনেমার সংগীত পরিচালক হিসেবেও কাজ করে মুহিন সুনাম অর্জন করেছেন। সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি পালক। ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি শ্রেষ্ঠ গায়ক হিসেবে পুরস্কার পেতে যাচ্ছেন।
মুহিন খান রাশিদ পলাশ পরিচালিত ‘পদ্মাপুরাণ’ সিনেমায় ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ’ গানটির জন্য শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন। তিনি বলেন, ‘শুরুতেই মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা। আমার গান, আমার গায়কী সার্বিক বিবেচনা করে সম্মানিত জুরি বোর্ড আমাকে যে রায় দিয়েছেন, তার জন্য আমি সত্যিই আবেগাপ্লুত, অনুপ্রাণিত। রাষ্ট্রীয় এ সম্মাননা আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। আগামীতে আরো বিচক্ষণতার সঙ্গে শুদ্ধ সংগীত প্রসারে আরো নিবেদিত হয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।’










