টাবু ও কারিনা কাপুর খানের সঙ্গে কৃতি স্যানন; তিনজনে মিলে বলিউড বক্স অফিসে দারুণ চমক দেখালেন। এ নায়িকাদের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘ক্রু’তে রীতিমতো মজে গেছেন দর্শক। তিনদিনে পার হয়ে গেল অর্ধ বিলিয়ন রুপির ঘর।

হিন্দুস্থান টাইমাসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম উইকএন্ডে বিশ্বজুড়ে ৬২ কোটি ৫৩ লাখ রুপি আয় করেছে ‘ক্রু’। সিনেমাটি বাজেটও ৬০ কোটি রুপি, বলতেই হয় লাভের অঙ্কে ঢুকে গেল বলিউডের আরেকটি নারীপ্রধান চলচ্চিত্র।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার (৩১ মার্চ) বিশ্বজুড়ে ২১ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে ‘ক্রু’। এর আগে মুক্তির দিন ভারতীয় বক্স অফিসে ১০ কোটি ২৮ লাখ রুপি আয় করেছিল। বৈশ্বিকভাবে এ দিনের আয় ছিল ২০ কোটি ৭ লাখ রুপি। বলিউডের নারীকেন্দ্রিক ছবি হিসেবে এটাই মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়।

‘ক্রু’ পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। প্রযোজনা করেছেন অনিল কাপুর, একতা কাপুর, রিয়া কাপুর ও শোভা কাপুর। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ ও শাশ্বত চট্টোপাধ্যায়।