প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসছে বহুল আলোচিত চলচ্চিত্র হাওয়া। এবারের ঈদে দর্শকরা ছবিটি দেখতে পাবেন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। দর্শকের জন্য ঈদুল ফিতরের বিশেষ আয়োজন হিসেবে তিনদিন এ সিনেমা প্রচার করবে চ্যানেলটি। ঈদের দিন, ঈদের তৃতীয় দিন ও পঞ্চম দিন বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে হাওয়া। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত হাওয়া পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন।
২০২২ সালে মুক্তি পাওয়া হাওয়া সিনেমাটি ব্যবসায়িক সফলতার পাশাপাশি দর্শক-সমালোচকের প্রশংসা অর্জন করে। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি দেশের বাইরেও বাংলাদেশী দর্শকের ব্যাপক সাড়া পেয়েছে ছবিটি। সিনেমাটি ৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি বিভাগে ও ২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ পাঁচটি পুরস্কার অর্জন করেছেন ।










