একের পর এক ছবি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি নিয়ে উদ্বিগ্ন বলিউড তারকা আমির খান। ভারতে অনেক জায়গাতেই এখনো সিনেমা হল বন্ধ। এর মধ্যে আছে মহারাষ্ট্র, অথচ এ রাজ্য থেকেই আসে বক্সঅফিসের ৩০ শতাংশ আয়। এ মাসেই মুক্তি পাবে অক্ষয় কুমারের আলোচিত নতুন ছবি বেলবটম। ধারণা করা হচ্ছে, এর মধ্যে মহারাষ্ট্রে সিনেমা হল খুলে যাবে। আমির খান মনে করেন ভারতে কভিড পরিস্থিতির উন্নতি হলে এবং নাগরিকদের ভ্যাকসিন দেয়া হলে সিনেমা হল খুলে দেয়া যাবে।

সম্প্রতি এক অনুষ্ঠানে আমির খান বলেছেন, ‘অনেক ছবি মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্মে। চলচ্চিত্র জগতের মানুষ হিসেবে বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন। আশা করি, শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।’ এরপর তিনি কথা বলেন সিনেমা হল খোলার পরিস্থিতি নিয়ে, ‘সিনেমা হল পুনরায় খুলে দেয়া নিয়ে কথা বলাটা সহজ নয়। হলগুলো তখনই খুলে দেয়া যাবে, যখন স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হবে এবং সামাজিকভাবে আমরা কভিড নিয়ন্ত্রণে আনতে পারব। আমরা সবাই এ নিয়ে কাজ করছি। যত বেশি মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে, পরিস্থিতির তত উন্নতি হবে।’

এদিকে মহামারীর কারণে অনেক পিছিয়ে গেছে আমির খানের ছবি লাল সিং চাড্ডার মুক্তির তারিখ। ছবিটি গত বছরের ডিসেম্বরে হলে মুক্তি পাওয়ার কথা ছিল। মহামারী ও লকডাউনে কয়েকবার শুটিং বাধাগ্রস্ত হয়েছে। কিছুদিন আগে আমির ছবির জন্য শুটিং করেছেন লাদাখে। সেখান থেকে ফিরেছেন মুম্বাইয়ে। এখন লালা সিং চাড্ডা এ বছরের শেষ দিকে বড়দিনের উৎসবে মুক্তি পেতে পারে। অবশ্য সেটাও নির্ভর করবে মহামারীর তখনকার পরিস্থিতির ওপর।

উল্লেখ্য, মহামারী শুরুর পর থেকে বলিউডে অনেক ছবি মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। এমনকি এ পরিস্থিতি এড়াতে পারেননি সালমান খানও। বহুদিন অপেক্ষা করে অবশেষে তার ছবি রাধে হলের সঙ্গে সঙ্গে ওটিটিতেও মুক্তি দিয়েছেন। অন্যদিকে লালা সিং চাড্ডার সঙ্গে সিনেমা হলে মুক্তির অপেক্ষায় আছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের এইটিথ্রি এবং অক্ষয় কুমারের সূর্যবংশী।

 

সূত্র: বলিউড হাঙ্গামা