ভক্তদের সুখবর শোনালেন মার্কিন পপতারকা এমিনেম। চলতি গ্রীষ্মেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন স্টুডিও অ্যালবাম। ১২তম এ অ্যালবামের নাম ‘দ্য ডেথ অব স্লিম শ্যাডি’। ট্রেইলার এর মধ্যেই ছাড়া হয়েছে ইন্টারনেটে। সেখানে দেখা যাচ্ছে, একজন ক্রাইম রিপোর্টার এমিনেমের অল্টার ইগো স্লিম শ্যাডির মৃত্যু সম্পর্কে আলোচনা করছেন। তার দাবি, জটিল কথা ও সমালোচিত রাইমের জন্য স্লিম শ্যাডি প্রচুর শত্রু তৈরি করে ফেলেছে। সে সময় হঠাৎ উঠে আসে এমিনেমের ক্যামিও। তিনি জানান, শ্যাডি আসলে কোনো বন্ধু না, সে একজন সাইকোপ্যাথ। মন্তব্য শুনে উপায় বের করেন রিপোর্টার। তিনি বলেন, ‘একই ধরনের কর্কশ লেখা ও সমালোচনাপূর্ণ কথা দিয়েই তাকে ধ্বংস করা যেতে পারে। চলো আমরা পুরনো ঘটনাগুলোকে পুনরায় নির্মাণ করি, যেন স্লিম শ্যাডি মারা যায়।’

সর্বশেষ অ্যালবামের মুক্তি পাওয়াটা ভক্তদের জন্য অনেকটাই সারপ্রাইজ হয়ে থাকবে। এর আগের অ্যালবাম মিউজিক টু বি মার্ডার্ড বাই এবং অনেকটা সারপ্রাইজের মতোই প্রকাশ করা হয় ২০২০ সালের জানুয়ারিতে। মুক্তির সঙ্গে সঙ্গে দারুণ সফলতা দেখায় অ্যালবামটি। উঠে আসে বিলবোর্ডের শীর্ষে। সেখানকার গডজিলা গানটি ছিল সেরা ১০০ গানের মধ্যে তৃতীয় নম্বরে।

স্লিম শ্যাডিকে দীর্ঘদিন ধরেই এমিনেমের অল্টার ইগো হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৭ সালে স্লিম শ্যাডি ইপি ও তার দুই বছর পরে দ্য স্লিম শ্যাডি এলপির মধ্য দিয়ে স্লিম শ্যাডির ধারণা সামনে আসে। সাধারণ এমিনেমের সবচেয়ে শক্ত ভাষা ও কঠিন কথাগুলো শ্যাডির মুখ দিয়ে বলানো হয়। এজন্য ক্যারিয়ারের প্রথম থেকেই তিনি পরিণত হন সমালোচিত চরিত্রে। গিল্ডি কনসায়েন্স, ৯৭ বোনি অ্যান্ড ক্লাইড ও কিল ইউ গানের সময় তিনি শ্যাডি হয়েই গেয়েছেন।

সূত্র: ভ্যারাইটি