ফাহমিদা নবী নতুন গান নিয়ে এসেছেন শ্রোতাদের সামনে। তবে এ গানের প্রকাশ ও প্রচার তিনি করলেন নতুনভাবে। কিছুদিন আগে আমেরিকা গিয়েছিলেন এ শিল্পী। সেখানেই তার নতুন গান তিনি প্রকাশ্যে আনলেন। গানের নাম ‘বন্ধু হারিয়ে গেল’। এ গানের গীতিকার আনিসুজ্জামান জুয়েল। সুর ও সংগীত করেছেন বর্ণ চক্রবর্তী। কিন্তু বর্ণ চক্রবর্তী অকালেই চলে গেছেন। তার চলে যাওয়ার কারণে গান প্রকাশেও দেরি হয়েছে। ফাহমিদা নবী জানিয়েছেন, এ গানের মিউজিক ভিডিওর শুটিং করা হয়ে গিয়েছিল। কিন্তু বর্ণ চক্রবর্তীর মৃত্যুর কারণে গান প্রকাশ করা হয়নি। এর পরই এবার আমেরিকায় আরেকটি মিউজিক ভিডিও তিনি করেন। সেখান থেকেই রেড রকস বা লাল পাহাড়ে গানটি প্রকাশ করলেন।
গানটি প্রকাশ করা নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘গানটি প্রকাশের সময় এবং রেড রকসের লাল পাহাড়ে শুটিং করার সময়ও অনেকের কথা মনে পড়ছিল। করোনার সময় আমরা বর্ণসহ যাদের হারিয়েছি সবার কথাই ভীষণ মনে পড়ছিল।’ রেড রকসে গানের দৃশ্যধারণ ও অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন শিল্পী। তিনি বলেন, ‘রেড রকস মূলত লাল পাহাড়ের ওপর ভীষণ উঁচুতে একটি অ্যাম্ফিথিয়েটার। ১৯১০ সালে এখানে প্রথম যারা সুর তুলেছিলেন, পাহাড়ের গায়ে তার প্রতিধ্বনি কতটা ঝংকার তুলেছিল তা মনে হচ্ছিল। আমি সে সুর অনুভব করার চেষ্টা করছিলাম। সে দৃশ্য ও সেই ক্ষণ দেখতে পাচ্ছিলাম।’
একটি সুন্দর জায়গা একটি গান বা আয়োজনকে সুন্দর করতে পারে। ফাহমিদা নবীর কথা থেকেই তা বোঝা যায়। তিনি বলেন, ‘সে মঞ্চ আর শ্রোতার মেলবন্ধন কত সুন্দর! সবাই চুপ করে প্রকৃতি আর সুরে নিমগ্ন নীরবতায় শ্রোতারা গান শুনছিল। নীল আকাশ, মন উজার করা বাতাস, লাল পাহাড়ের ফাঁক নিয়ে পাখিদের উড়ে যাওয়া আর শূন্যতায় ভেসে আসা গান। সেসবের মধ্যে আমিও হারিয়ে গেলাম কল্পনায়। কলোরাডোর বিখ্যাত রেড রকস পার্কের সৌন্দর্যে কিছুক্ষণের জন্য স্বপ্ন দেখে ফেললাম যে আমিও গান গাইছি। আর সেখানেই লিপসিঙ্ক করলাম বর্ণর করা গানটি। স্মৃতিটুকু এভাবেই না হয় আবেগ আর ভালোবাসায় থাকুক।’
কলোরাডোর এ বিখ্যাত জায়গাটিতে গান করতে গিয়ে ফাহমিদা নবী প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। তার কথায় সেসবই প্রকাশ হলো। তিনি এর মধ্যেই আরো অনেক কাজ করছেন। তার মধ্যে নতুন গান প্রকাশ করা বেশ বড় একটি বিষয়। গানটি তিনি প্রকাশ করেছেন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। কিন্তু একটি গানেই তার কাজ সীমাবদ্ধ নয়। যেমন অক্টোবরে রঙ্গন মিউজিকে প্রকাশ হয়েছিল ফাহমিদা নবীর নতুন আরেকটি মৌলিক গান। এর নাম স্মৃতির দরজায়। গানের গীতিকার জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন পঞ্চম।
ফাহমিদা নবী এ মুহূর্তে অবস্থান করছেন আমেরিকায়। তিনি সেখানে বেশ কিছুদিন থাকবেন বলেই জানিয়েছেন। এর মধ্যে তিনি নতুন গান প্রকাশ করার ক্ষেত্রে বর্ণ চক্রবর্তীর স্মৃতির প্রতি সম্মানও জানাতে চেয়েছেন। তার কথায় এর প্রমাণ পাওয়া গেছে।










