অনেক দিন হলো দেশ ছেড়েছেন ঢালিউড অভিনেতা আহমেদ শরীফ। স্ত্রী-সন্তান নিয়ে থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। মাঝে মধ্যে দেশে আসেন তিনি। দেশ ছেড়ে যাওয়া নিয়ে ন্যূনতম আক্ষেপ নেই এই অভিনেতার। তবে নিজের চেনা অঙ্গন ঢালিউড নিয়ে আশার কথা শোনা যায় না তার কণ্ঠে। এবারও হতাশা। তিনি মনে করেন, দেশে থাকলে হয়তো আজ তাকে ভিক্ষা করে খেতে হতো।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে প্রয়াত শিল্পীদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তাঁর ভাষায়, এখন শিল্পীদের অনেকেই দুই বেলা খেতে পারেন না; ‘চলচ্চিত্রে কজন মানুষ আছে যে নিশ্চিত করে বলবে তার দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে? নেই—আমি মিথ্যা বলছি না,’—চ্যালেঞ্জ ছুঁড়ে এমন মন্তব্য করেন আহমেদ শরীফ।
বাংলাদেশে থাকলে কী পরিস্থিতি হতো, তা অনুমান করে তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি আমাকে হাত পেতে লোকেদের কাছে ভিক্ষা করে খেতে হতো—বলতাম ভাই, বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও।’
আহমেদ শরীফের দাবি, শুধু চলচ্চিত্র নয়, টেলিভিশনেরও অনেক শিল্পী বিদেশে চলে যাচ্ছেন—কারণ দেশে আনন্দ-বিনোদন কিংবা নিশ্চিন্তে থাকার সুযোগ কমে গেছে। তিনি বলেন, আগামী সরকার গঠিত হলে শিল্পীদের জন্য ‘নিশ্চিত জীবনব্যবস্থা’ নিশ্চিত করার দাবি জানাবেন। সর্বশেষ তিনি শাকিব খানের সঙ্গে ‘রাজকুমার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।









