সময়ের সঙ্গে জনপ্রিয়তা পাচ্ছে বিনোদন দুনিয়ার ডিজিটাল মাধ্যমগুলো। একের পর এক জনপ্রিয় ওয়েব কনটেন্ট নির্মাণ হচ্ছে দেশে এবং তা সুনাম কুড়াচ্ছে। দেশের সীমানা ছাড়িয়ে এসব কনটেন্ট জনপ্রিয়তা পাচ্ছে। ওয়েব মাধ্যম নিয়ে নতুন খবর হলো এবারে প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। দেশের জনপ্রিয় এ দুই অভিনেতাকে নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করতে যাচ্ছেন গৌতম কৈরী। তবে এখনো সিরিজের নাম ঠিক হয়নি।

আলফা আইয়ের প্রযোজনায় পাঁচ পর্বের ওয়েব সিরিজটির অন্যতম চরিত্রে দেখা যাবে জাহিদ হাসান ও তৌকীর আহমেদকে। আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, মিস্ট্রি থ্রিলার জনরার ঘরানার গল্পে তৈরি হবে ওয়েব সিরিজটি। নভেম্বর থেকে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে এটি। সানজিদা প্রীতি ও তানজিকা আমিনকেও এ সিরিজে দেখা যাবে বলে জানিয়েছেন শাকিল।

নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের মধ্যে আছেন জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। ১৯৮৬ সালে আবদুল লতিফ বাচ্চুর পরিচালনায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকার যৌথ প্রযোজনার বলবান সিনেমায় অভিনয়ের মাধ্যমে জাহিদ হাসানের বড় পর্দায় অভিষেক হয়েছিল। ১৯৯০ সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন এ অভিনেতা। জাহিদ হাসান অভিনীত প্রথম টেলিভিশন নাটক জীবন যেমন। অন্যদিকে আশির দশকে নাটক দিয়েই অভিনয় জীবনের সূচনা তৌকীর আহমেদের। ১৯৯৬ সালে তানভীর মোকাম্মেল পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক নদীর নাম মধুমতী চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সময়ের সঙ্গে দেশের বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠেন তারা দুজনে। এবার ওয়েব সিরিজে তাদের একসঙ্গে দেখতে যাচ্ছে দর্শক। অভিনয়ের পাশাপাশি জাহিদ হাসান ও তৌকীর আহমেদ পরিচালনায়ও পা রেখেছেন। তৌকির আহমেদ একাধিক সিনেমা পরিচালনা করেছেন। ২০১৭ সালে মুক্তি পায় তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা হালদা। হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবুর মতো তারকারা। অন্যদিকে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত স্ফুলিঙ্গ সিনেমাটি ছিল তৌকীর আহমেদ পরিচালিত সর্বশেষ সিনেমা।