ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তবে নাটকে কম দেখা যায় এ অভিনেত্রীকে। প্রায় এক বছর নাটক থেকে বিরতি নিয়েছিলেন তিনি। চলতি বছরের ঈদুল আজহায় পুনর্জন্ম অন্তিম পর্ব নাটকে দেখা মেলে মেহজাবীনের। এরপর আর ছোট পর্দায় দেখা যায়নি তাকে। তবে নতুন খবর হলো আগামীকাল নাটকে দেখা মিলবে তার। নাটকের নাম ‘অনন্যা’। এ নাটকের নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এ নাটক প্রসঙ্গে নির্মাতা জানান, শিশুসন্তানকে নিয়ে একজন নারীর সংগ্রামের গল্প নিয়ে এ নাটক। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে অনন্যার শুটিং হয়েছে। এতে মেহজাবীনের সঙ্গে দেখা যাবে শাশ্বত দত্ত ও ডলি জহুরকে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা।
দীর্ঘদিন পর নাটকে অভিনয় করা প্রসঙ্গে জানতে চাইলে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নাটকে এখন খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরলাম। আর যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে তাদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে, তাহলে পরিশ্রম সার্থক হবে।’
অন্যদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সঙ্গে এর আগেও একাধিক নাটকে কাজ করেছেন মেহজাবীন। সর্বশেষ ২০২২ সালে ‘কাজল’ নাটকে একসঙ্গে কাজ করেছিলেন। এক বছর পর আবারো অনন্যায় কাজ করলেন মেহজাবীন ও রাজ। নাটকটি নিয়ে মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমাদের নাটকটি একটি নারীকেন্দ্রিক গল্প। সংগ্রাম করে টিকে থাকার ক্ষেত্রে মেয়েদের অনুপ্রেরণা জোগাতে পারে এ নাটক। মেহজাবীন সবসময় ভালো অভিনয় করে। এ নাটকও তার ব্যতিকম নয়। চরিত্রের সঙ্গে একদম মিশে গিয়ে অনন্যা হয়ে অভিনয় করেছে মেহজাবীন, এটা আমি বলতে পারি। নাটকটা দেখার পর বাকিটা দর্শকই বলবে।’
বহু নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন মেহজাবীন চৌধুরী। ওটিটির কনটেন্টে অভিনয় করেও প্রশংসা পাচ্ছেন মেহজাবীন। একসময় ছোট পর্দায় নিয়মিত থাকলেও বর্তমানে বছরে হাতে গোনা নাটকে দেখা যায় এ অভিনেত্রীকে। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ সময়ে এসে যে ধরনের চরিত্র করতে চাই, পাচ্ছি না। এক যুগের বেশি সময় কাজ করে আসছি, এখন একটু চ্যালেঞ্জিং, একটু নতুনত্ব আছে এমন কাজ করতে চাই। সেটি রোমান্টিক, থ্রিল বা ফ্যান্টাসি যাই হোক না কেন। তবে ওটিটিতে কিছু পাচ্ছি, সেখানে কিছু কাজ করছিও।’










