দেশের সংগীত ভুবনের পরিচিত মুখ হৃদয় খান। তিনি একজন গায়ক ও সুরকার। তার একাধিক গান পেয়েছে শ্রোতাদের জনপ্রিয়তা। হৃদয় খানের জনপ্রিয় গান ‘বলো না’। ২০০৮ সালে প্রকাশ হয় গুঞ্জন রহমানের লেখা গানটি। দীর্ঘ ১৫ বছর পর এবার এর সিকুয়াল প্রকাশ করতে যাচ্ছেন হৃদয়। এবারো গানের কথা লিখেছেন গুঞ্জন রহমান। এরই মধ্যে সুর-সংগীত সম্পন্ন করে কণ্ঠও দিয়েছেন হৃদয়। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানান হৃদয় খান। বলো নার সিকুয়াল নিয়ে হৃদয় খান জানান, ১৫ বছর পর গানটির সিকুয়াল আসছে, এটা দর্শকের ভালোবাসার জন্য। কথা চলছে গানটি দ্রুত প্রকাশ করার।
গান প্রসঙ্গে জানতে চাইলে গীতিকার গুঞ্জন বলেন, ‘আমরা এরই মধ্যে বলো নার সিকুয়াল বানিয়েছি। কৈশোর প্রেমের গান বলো না ১৫ বছর পরে এসে খানিকটা ম্যাচিওরিটি পেয়েছে। তাই সিকুয়ালের নাম হয়েছে এখন ‘‘বলো না’’। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
এদিকে বলো নার আগেই আগামী ১ ডিসেম্বরের ‘শূন্য হৃদয়’ শিরোনামের আরো একটি গানের পিয়ানো ভার্সন নিয়ে হাজির হবেন হৃদয় খান। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অন্তরা রহমান। গানের কথা লিখেছেন অভিনেত্রী-লেখিকা শানারেই দেবী শানু। এর সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় নিজেই। প্রকাশও হবে শিল্পীর ইউটিউব চ্যানেলে। সবশেষে গত সেপ্টেম্বরে প্রকাশ হয় হৃদয় খানের ‘পিছুটান’ শিরোনামের গান। গানটি লিখেছেন শফিক তুহিন। আর সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় নিজেই। ফিউশন ধারার গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন হৃদয় খান। পরিবারে সংগীতের আবহে বড় হয়েছেন এ গায়ক। ২০০৮ সালে তার প্রথম অ্যালবাম ‘হৃদয় মিক্স’ প্রকাশ হয়েছিল।










