মৈমনসিংহ গীতিকা অবলম্বনে জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করছেন ‘কাজলরেখা’। এটি মূলত একটি রূপকথার গল্প, যেটি ৪০০ বছর আগের কাহিনী। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। প্রধান দুটি চরিত্রে দেখা যাবে বর্তমান সময়ের প্রতিভাবান অভিনেতা শরিফুল রাজ ও রাফিয়াথ রশিদ মিথিলাকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শাহানা সুমী, রহমত আলী, গাউসুল আলম শাওনসহ আরো অনেকেই। বর্তমানে নেত্রকোনার দুর্গাপুরে সিনেমাটির শুটিং চলছে। কাজলরেখায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মন্দিরার। কিছুদিন সিনেমার কাজে বিরতি নিলেও আগামীকাল থেকে আবার টানা পাঁচদিন কাজলরেখা সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এ নিয়ে তিনি বলেন, ‘এরই মধ্যে সিনেমার বেশির ভাগ অংশেরই কাজ শেষ। যখন জানতে পারি, কাজলরেখা চরিত্রে অভিনয়ের জন্য অনেক তুখোড় অভিনেত্রীর কথাও ভাবনায় ছিল শ্রদ্ধেয় সেলিম ভাইয়ের। কিন্তু শেষে আমাকেই নেয়া হলো। তার মনে হয়েছে চরিত্রটির রূপায়ণ আমাকে দিয়ে সম্ভব। আমার কাছে এখনো স্বপ্নের মতো মনে হয়। কারণ এমন ভালো একটি সিনেমায় কাজ করব, ভাবনায়ও ছিল না। আমি বাস্তব জীবনে যেমন চুপচাপ শান্ত প্রকৃতির, কাজলরেখা চরিত্রটিও ঠিক তেমনি। এটা সত্যি, শুরুতে নার্ভাস ছিলাম। কিন্তু রিহার্সেল করতে গিয়ে পরবর্তী সময়ে ধীরে ধীরে ভয়টা কমে যায়। আমার অল্প সময়ের ক্যারিয়ারে অভিনয়ে নিজেকে যতটা আশ্বস্ত করেছি, তার পুরোটা দিয়েই অভিনয় করেছি। আমার শতভাগ বিশ্বাস যে কাজলরেখা দর্শকের ভালো লাগবে।’

২০১২ সাল থেকে মন্দিরা চক্রবর্তী মিডিয়ায় কাজ করেন। ওয়াহিদ আনামের পরিচালনায় ‘প্রতিযোগিতা’ নাটকে অভিনয় করেন এ অভিনেত্রী। এছাড়া মাহিন আওলাদের নির্দেশনায় কাজী শুভর ‘কলঙ্ক’ শিরোনামের গানে মডেল হিসেবে কাজ করেও দর্শকের নজর কাড়েন মন্দিরা।