ঈদ উপলক্ষে ইত্যাদির বিশেষ আয়োজনের একটি হচ্ছে সংগীতে চমক। যে কারণে ঈদে ইত্যাদির গানগুলোর কথা, সুর, শিল্পী নির্বাচন ও চিত্রায়ণ বেশ ব্যতিক্রমী হয়। তারই ধারাবাহিকতায় এবারের ঈদের ইত্যাদিতেও শিল্পী নির্বাচনে রয়েছে বড় চমক। এবার অভিনেত্রী তাসনিয়া ফারিণকে গাইতে শোনা যাবে। ফারিণ নিয়মিত অভিনয় করছেন নাটক ও ওয়েব কনটেন্টে। পাশাপাশি তাকে দেখা যায় বিজ্ঞাপনেও। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’। ফিল্মটি জনপ্রিয়তাও পেয়েছে।
সেখান থেকে তাসনিয়া ফারিণের নতুন গুণ ইত্যাদিতে দেখবেন দর্শক। এবারের অনুষ্ঠানে একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই ভুবনের দুই তারকা জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। উল্লেখ্য, অভিনয়ে জনপ্রিয় ফারিণের টিভিতে গাওয়া এটিই প্রথম গান। বলা যায়, এ গানের মাধ্যমেই তার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটল।
এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘ইত্যাদি ছোটবেলা থেকেই আমার প্রিয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানে গান গাইতে পেরে খুবই ভালো লাগছে। গানটি ভালো হয়েছে। শোনার পর মনে হয়েছে ভিন্ন ধরনের গান হয়েছে। আমার বিশ্বাস, সব শ্রেণীর শ্রোতা দর্শকের কাছে ভালো লাগবে গানটি। আমাকে সুযোগ দেয়ার জন্য ইত্যাদির প্রতি কৃতজ্ঞ।’
গানটি নিয়ে তাহসান বলেন, ‘এ ধরনের গান আগে করিনি। খুবই উৎসবের আমেজ নিয়ে আনন্দময় একটি গান হয়েছে। ফারিণও খুব ভালো গেয়েছে।’
গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গত ০২ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ইত্যাদির বিশাল সেটে গান দুটির চিত্রধারণ করা হয়।
কিছুদিন আগেই তাসনিয়া ফারিণ পশ্চিমবঙ্গে সম্মানিত হয়েছেন। ফিল্মফেয়ার বাংলায় সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ। অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ সিনেমার জন্য এ পুরস্কার পান তিনি। অভিনয়ের জন্য দেশের পাশাপাশি দেশের বাইরেও তিনি এখন পরিচিত। এবার ইত্যাদি তাকে পরিচয় করাবে নতুন রূপে।
প্রতিবারের মতো এবারো ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।










