বিশ্বসেরা মার্কিন পপ তারকাদের মধ্যে অন্যতম রিহানা। তবে সর্বশেষ ২০১৬ সালের পর রিহানার আর কোনো একক গানের অ্যালবাম বের হয়নি। এর পর থেকেই ভক্তদের অপেক্ষা পরবর্তী অ্যালবাম নিয়ে। অপেক্ষার পালা শেষ করে দীর্ঘ আট বছর পর আসছে রিহানার নতুন অ্যালবাম। এমন আভাসই পাওয়া গেছে সম্প্রতি তারকার কথায়। 

গায়িকা ও বিজনেস উইমেন হিসেবে বিশ্বখ্যাতি অর্জন করেছেন রিহানা। তিনি নিশ্চিত করেছেন, দ্রুতই তার নতুন একটি অ্যালবাম প্রকাশ করবেন। মার্কিন বিনোদনমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলিকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে রিহানা বলেন, ‘হ্যাঁ, ব্যাপারটা সত্যি। আমি এরই মধ্যে এমন কিছু বিষয় পেয়েছি, যেগুলো থেকে হিট গান তৈরি করতে পারব বলে মনে করি। আমি ও রকি সত্যিই খুঁজে বের করার চেষ্টা করছি।’

অ্যালবামের মুক্তির সময় জানতে চাইলে রিহানা বলেন, তিনি এ মুহূর্তে কোনো তারিখ বলতে পারছেন না। বেশ হাস্যরস জবাবেই রিহানা বলেছেন, ‘আমিও জানতে চাই কবে অ্যালবামটি আসছে।’ সাক্ষাৎকারে আসন্ন অ্যালবামের ভিডিওগ্রাফি কেমন হবে প্রশ্নোত্তরে রিহানা বলেন, ‘এটি অদ্ভুত। আমার মস্তিষ্ক এখন উল্টো কাজ করছে। সাধারণত আমার কাছে প্রথমে গান থাকে এবং গান আমাকে সমস্ত বিষয় তৈরির সুযোগের দিকে নিয়ে যায়। এখন থেকেই আমি সবকিছু ভিজুয়াল করছি। আমার কাছে এখনো দর্শকের জন্য গান নেই। তবে আমার ভিজুয়াল আইডিয়া আমাকে সে গানগুলোর দিকে নিয়ে যাচ্ছে যেগুলো আমার তৈরি করা দরকার।’

‘ফ্যাশন মোগল’ রিহানা রিদম অ্যান্ড ব্লুজ আর ব্রিটিশ পপের রানী। ভক্তদের অভিযোগ, ফ্যাশন হাউজ খুলে আর সাজ-সজ্জায় বেশি মনোযোগী হওয়ায় গানে রিহানা সময় দিচ্ছেন কম। তবে সাম্প্রতিক পরিস্থিতি ভক্তদের কিছুটা আস্বস্ত করছে। ধারণা করা যাচ্ছে, শিগগিরই ভক্তদের অপেক্ষার অবসান ঘটাতে চলেছেন রিহানা।

সূত্র: ইয়ন