উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী কুমার শানুর সঙ্গে গান গাইলেন এ প্রজন্মের সংগীতশিল্পী বেলী আফরোজ। এরই মধ্যে ভারতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। বাংলা ও হিন্দি ভাষায় গানটি লিখেছেন ও সুর করেছেন পল্লব গৌতম। এ স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এইচএম রিজভী। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে লাদাকে। গানটির মিউজিক ভিডিওতে কুমার শানুর উপস্থিতি থাকছে।

প্রথমবার কুমার শানুর সঙ্গে গান গাওয়া নিয়ে বেলী আফরোজ বলেন, ‘আমার বিশ্বাস হচ্ছিল না যে তিনি আমার সঙ্গে গান গাইবেন। কিন্তু নানাভাবে যাচাই-বাছাইয়ের পর যখন সম্মতি জানালেন তিনি আমার সঙ্গে গানটি গাইবেন। তখন সত্যিই এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, যা ভাষায় প্রকাশের নয়। কারণ এতদিনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শানু দাদার সঙ্গে গান গাওয়ার মধ্য দিয়ে। তিনি আমার কণ্ঠ ভীষণ পছন্দ করেছেন, আমার গায়কি নিয়েও সন্তুষ্ট ছিলেন। সবচেয়ে বড় কথা তার সঙ্গে অবশেষে একটি দ্বৈত গান আমার ভক্ত-শ্রোতাদের উপহার দিতে পারছি—এটা অনেক ভালো লাগার। আগামী মাসেই একটি প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।’ এ নিয়ে বেলী আরো জানান, ‘কুমার শানুর গান শুনেই আমার বেড়ে ওঠা। পেশাগতভাবে যখন গান শুরু করি, তখন স্টেজ শোয়ে কুমার শানুর গানও গেয়েছি। তার সঙ্গে দ্বৈত একটি গান করার স্বপ্ন ছিল।’

বেলীর জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। সেখানেই একজন ড্রামার হিসেবেই পরিচিতি পান তিনি। ২০১৬ সালে ‘বেলী’ শিরোনামে তার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়।