২০২০ সালে ঋষি কাপুর ও ইরফান খানকে নিয়ে বিতর্কিত টুইট করার দায়ে ভারতীয় অভিনেতা কামাল রশিদ খানকে (কেআরকে) গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। আজ মঙ্গলবার এ অভিনেতাকে মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। তাকে আজই বোরিভালি আদালতে পেশ করা হবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
পুলিশ জানিয়েছে, শিবসেনার যুব শাখার রাহুল কানালের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২০ সালে কানাল বান্দ্রা থানা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন। এর প্রেক্ষিতে মে মাসে বান্দ্রা থানায় আরেকটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, কেআরকে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে নিয়ে অবমাননাকর মন্তব্য পোস্ট করেছিলেন যখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একইভাবে, তিনি হাসপাতালে থাকাকালীন অভিনেতা ইরফান খানের বিরুদ্ধে আপত্তিজনক টুইট পোস্ট করেছিলেন।
এ বিষয়ে কানাল বলেন, কেআরকে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্য করেন এবং অশালীন ভাষা ব্যবহার করেন। এ ধরনের আচরণ সমাজে গ্রহণযোগ্য নয়। তাকে গ্রেপ্তার করে, মুম্বাই পুলিশ এ ধরনের লোকদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে তিনি কোনো নাগরিকের সাথে এটি পুনরায় করবে না।
কেআরকে ভারতের রিয়েলিটি টিভি শো বিগ বসে অংশ নিয়েছেন। তার টুইটারে ৫১ লাখ ও ইউটিউবে ১০ লাখ ফলোয়ার আছে। তিনি একজন চলচ্চিত্র সমালোচক ও বলিউড তারকাদের নিয়ে বিতর্কিত টুইটের জন্য পরিচিত।










