শুরু হচ্ছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ১৫তম আসর। ক্ষুদে নির্মাতারা নিজেদের চলচ্চিত্র আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৬ আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে এবারের থিম শীতলপাটির নকশা। 

২০০৭ সালে যাত্রা হয় আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের। বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এ উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। উৎসবটি বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে বিশ্বের তরুণদের পরিচয় করিয়ে দিতে প্রতি বছর একটি দেশীয় শিল্পকে থিম হিসেবে নির্বাচন করে। উৎসবের আগের আসরগুলোয় দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে নকশি কাঁথা, পুতুল নাচ ও টেপা পুতুলের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী দেশীয় শিল্প ব্যবহৃত হয়েছে। এ বছর থিম হিসেবে নির্বাচিত হয়েছে সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী শীতলপাটি। জটিল বয়ন নিদর্শনের জন্য গ্রামীণ বাংলাদেশের এ শিল্প ইউনেস্কো কর্তৃক বিশ্বের নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য ২০১৭-তে (দ্য ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউমানিটি) তালিকাভুক্ত হয়।

গত বছর উৎসবের ১৪তম আসরে ৯১টিরও বেশি দেশ থেকে ১১৪৭টি চলচ্চিত্র জমা পড়ে। এ বছর ১৫তম আসরে একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুটি চলচ্চিত্র জমাদান দিতে পারবেন। জমাদানের শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর বলে বণিক বার্তাকে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের জনসংযোগবিষয়ক সম্পাদক নাফিসা আমান বনি।

তিনি আরো জানান, আয়োজনে চারটি ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা দেয়া যাবে। ১৫ মিনিটের কম সময়ের শর্টফিলোর জন্য রয়েছে কম্পিটিশন ক্যাটাগরি, ১৫ মিনিটের বেশি সময়ের শর্টফিল্ম জমা দেয়া যাবে প্যানোরামা ক্যাটাগরিতে, জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য রয়েছে ওয়ান আর্থ ক্যাটাগরি ও ৬০ সেকেন্ডের মধ্যে দর্শকের কাছে নিজের মনোভাব প্রকাশের জন্য রয়েছে ওয়ান মিনিট শর্ট ক্যাটাগরি। গত বছরের মতো এ বছরও নির্বাচিত চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শন করা হবে। চলচ্চিত্র জমা দানের লিঙ্ক- filmfreeway.com/tus