সম্প্রতি মুক্তি পাওয়া ‘ময়না’ সিনেমার নায়িকা রাজ রিপা তার আরেকটি সিনেমা ‘মুক্তি’ নিয়ে পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি লেখেন, ইন্ডাস্ট্রি তার মতো মানুষের জন্য নয়, একা ৭ বছরের পরিশ্রমের পরও তিনি ঠকেছেন।

রিপা জানিয়েছেন, ৪ বছর ধরে ‘মুক্তি’ সিনেমার কাজের জন্য মানসিক যন্ত্রণায় ভুগেছেন, এবং সিনেমার স্পন্সর আনার দায়িত্ব পরিচালক যথাযথভাবে পালন করেননি। তিনি বলেন, ‘আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন্য কিছুই করলেন না।’

নিজের মানসিক অবস্থা ও হুমকির কথা উল্লেখ করে রাজ রিপা লিখেছেন, সিনেমা করার শখ তার সত্যিই মিটে গেছে এবং তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাবেন। তিনি শেষবারের মতো বলেন, ‘নিজের সঙ্গে স্বপ্নকেও মাটিচাপা দিলাম। আমার মতো অসংখ্য স্বপ্নবাজ এভাবেই হেরে যায় বেইমানির কাছে।’