সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তার বাতাস ছড়িয়ে পড়েছে হলিউড পাড়াতেও। সমাগত সে নির্বাচন নিয়েই সম্প্রতি নিজের অবস্থান জানিয়ে দিলেন জনপ্রিয় তারকা ডোয়াইন জনসন। এর আগে ২০২০ সালে তিনি বাইডেনের পক্ষে প্রচারণা চালালেও এবার তিনি তা থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন। বাইডেন ও কমলা হ্যারিসের পক্ষ নেয়া নিয়ে অনুতাপে ভুগছেন তিনি। সেদিকে ইঙ্গিত করেই তিনি বলেন, ‘বাইডেনের পক্ষে কাজ করাটাকে সে সময় আমার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছিল। ভেবেছিলাম, মানুষকে প্রভাবিত করার সুযোগ আমার আছে এবং এটাকে কাজে লাগানো উচিত। কিন্তু এখন আমি ভিন্নভাবে ভাবছি। সময়টা অনেক অস্থির হয়ে গেছে। সবখানে শান্তি ফিরুক, সেটাই চাই।’ 

সম্প্রতি ফক্স নিউজের সঙ্গে একটা সাক্ষাৎকার দেন ‘দ্য রক’খ্যাত এ অভিনেতা। সেখানে ব্যাখ্যা করেন নিজের অবস্থান। তিনি বলেন, ‘এ নির্বাচনে আমি কোনো পক্ষ নেব না। আমার পলিটিক্স, আমার কাছেই থাক। এটা আমার আর ব্যালট বক্সের ব্যাপার। তবে আমি বলতে চাই, অন্যদের মতো আমিও সব রাজনীতিবিদকে বিশ্বাস করি না, যুক্তরাষ্ট্রের মানুষকে বিশ্বাস করি। তারা যাকে ভোট দেবে, তিনিই আমার প্রেসিডেন্ট। তাকেই শতভাগ সমর্থন করব।’ 

ডোয়াইন জনসন তার লক্ষ্যমাত্রা হিসেবে মনে করেন, দেশের মানুষকে একত্র করা। তিনি মনে করেন কেবল বিভাজন চারদিকে। জনসন বলেন, ‘আমার উদ্দেশ্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করা। আমি সেটাতেই বিশ্বাস করি। সেখানে কোনো জোরজবরদস্তি নেই।’ 

অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, তিনি কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে আগ্রহী কিনা। কিন্তু উত্তরে অনাগ্রহের কথা জানান। তিনি বলেন, এখন পর্যন্ত এদিকে আমার কোনো আগ্রহ নেই। আমি কোনো রাজনীতিবিদ না। এর আগে ২০২২ সালেও তিনি বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট পদের জন্য মাঠে নামতে রাজি নন। বরং তার অগ্রাধিকার হলো একজন ভালো পিতা হিসেবে সন্তানদের কাছে প্রতিষ্ঠিত থাকা। পাশাপাশি পরিবারের সঙ্গে দুর্দান্ত সময়গুলোকে উপভোগ করা। সাক্ষাৎকারের একপর্যায়ে জনসনকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান প্রেসিডেন্টের কার্যক্রমে তিনি সন্তুষ্ট কিনা। উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি সন্তুষ্ট নন। উত্তর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আজকালকার অমুক সংস্কৃতি, তমুক সংস্কৃতি, এমন বিভাজন আমাকে পীড়া দেয়। এখানে হয় আপনাকে আরেক জনের মনমতো হতে হবে, নয়তো সত্যিকার নিজেকে খুঁজে বের করতে হবে। এটা মানুষকে ক্লান্ত ও হতাশ করে।’

সূত্র: ইয়ন