পদাতিক নাট্য সংসদ প্রতিষ্ঠার পর থেকেই বছরজুড়ে মঞ্চে তাদের বিভিন্ন নাটক নিয়ে আসে। এছাড়া নিয়মিত নতুন নাটক মঞ্চায়ন করে নাট্য দলটি। পদাতিক নাট্য সংসদ ৪৭ বছরে পদার্পণ করেছে। পদাতিক নাট্য সংসদ আজ তাদের ৪৭ বছরে পদার্পণ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। বিকাল ৪টা থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটারসংলগ্ন লবিতে নৃত্য, আবৃত্তি, মূকাভিনয়, নাটকের গান, নাটকের অংশবিশেষ পরিবেশনার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনিন হোসাইন।
৪৭ বছরে পদার্পণ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদাতিকের পক্ষ থেকে জানানো হয়, মঞ্চ ও জীবনের এ সংযোজনকে অপ্রিয় সত্যের মানদণ্ডে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই পদাতিক এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। পৃথিবীর সমগ্র সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের এ জটিল ধারায় পদাতিক অবশ্যই প্রগতিশীল পরিবর্তনের সপক্ষে কাজ করে যাবে।
আজ সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদের ৪১তম প্রযোজনা ‘গুনজান বিবির পালা’ মঞ্চায়ন হবে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। নাটকটিতে অভিনয় করবেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, শামছি আরা সায়েকা, আমানুজ্জামান, নুরুন্নাহার পাপিয়া, শাখাওয়াত হোসেন শিমুল, জয়, ইকরামসহ আরো অনেকে।
সায়িক সিদ্দিকী নাটটি নিয়ে বলেন, ‘নাটকে অনেকটা অংশ আমরা ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করার চেষ্টা করেছি। যে পালা থাকে গ্রামের আসরে, বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ানে। শুধু তাই নয়, নাটকটিতে পালা ছাড়াও কাওয়ালি, পুঁথি আরো অনেক লোকজ দিক তুলে ধরা হয়েছে।’










