লেখক ও শিক্ষক মুনতাসীর মামুনের বহুল আলোচিত উপন্যাস ‘জয় বাংলা’। উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ। সিনেমাটির নাম পরিবর্তন না করেই উপন্যাসের নামেই রেখেছেন সিনেমার নাম। এতে জুটি হিসেবে দেখা যাবে বাপ্পী চৌধুরী ও জাহারা মিতুকে। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেল গুণী এ নির্মাতার জয় বাংলা সিনেমাটি।

সিনেমাটি নিয়ে কাজী হায়াৎ জানান, ‘জয় বাংলা সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।’

বাপ্পী চৌধুরী বলেন, ‘মুনতাসীর মামুন স্যারের জয় বাংলা উপন্যাস অসাধারণ। ব্যক্তিগতভাবে আমি তার লেখার ভক্ত। অন্যদিকে কাজী হায়াতের মতো একজন বড় নির্মাতা এটা পর্দায় উপস্থাপন করছেন। বাংলাদেশের প্রত্যেক চলচ্চিত্রশিল্পীদের স্বপ্ন থাকে কাজী হায়াতের পরিচালনায় কাজ করার। আমিও তার ব্যতিক্রম নই। সত্যি বলতে আমার স্বপ্ন ছিল তার পরিচালনায় কাজ করার। সে স্বপ্ন এবার পূরণ হয়েছে।’

সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়া প্রসঙ্গে বাপ্পী আরো বলেন, ‘জয় বাংলা আমাদের আবেগী স্লোগান আর এমন একটি সিনেমায় কাজ করতে পারা সৌভাগ্য। আমি দারুণ খুশি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আমি মনে করি, জয় বাংলা আমার ক্যারিয়ারের অন্যতম একটি পাওয়া।’

এ সিনেমায় বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। তিনি বলেন, ‘এবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেল। মুক্তিও পাবে শিগগিরই। আশা করি, সিনেমাটি দর্শকের মন জয় করবে। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবে। জয় বাংলার গল্প ও চিত্রনাট্য মুনতাসীর মামুন করেছেন এটা শুনেই আমি কাজ করতে রাজি হয়ে গিয়েছি। জয় বাংলা চমত্কার একটি কাজ। এর সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’

জয় বাংলা গল্প ও চিত্রনাট্য করেছেন লেখক ও শিক্ষক মুনতাসীর মামুন। এটি কাজী হায়াতের ৫১তম নির্মাণ। ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পায় জয় বাংলা সিনেমাটি। টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মিটু শিকদার। বাপ্পী-মিতু ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শ্রাবণ শাহ, নাদের চৌধুরী, রেবেকা, রাতুল প্রমুখ।

কাজী হায়াৎ পরিচালিত ৫০তম সিনেমাটি বীর। এটি মুক্তি পায় ২০২০ সালে ১৪ ফেব্রুয়ারি। এ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খান ও শবনম বুবলি। এসকে ফিল্মসের ব্যানারে বীর যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল। বর্তমান সময়ে বাংলা সিনেমার সুবাতাস বইছে। হলে গিয়ে সিনেমা দেখছেন দর্শক। প্রায় তিন বছর পর কাজী হায়াতের সিনেমা মুক্তি পাবে, তাই অনেকেই ভাবছেন দর্শক মহলে ইতিবাচক সাড়া পাবে জয় বাংলা।