বছরের শেষে শুরু হয়েছে ‘ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি আয়োজিত এ উৎসবে নির্মাণ হয়েছে তিনটি নাটক। এরই মধ্যে উৎসবের প্রথম নাটক মিজানুর রহমান আরিয়ান নির্মিত ‘হৃদয়ে হৃদয়’ নাটক প্রচার হয়েছে। সে ধারাবাহিকতায় উৎসবের দ্বিতীয় চমক হিসেবে আসছে তৌসিফ ও তানজিন তিশা জুটির ভালোবাসি তবুও। নাটকটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী। নাটকটিতে সিয়াম চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও মিথি চরিত্রে তানজিন তিশা। আজ সন্ধ্যা ৬টায় সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি। 

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, প্রেমের জন্য অন্য রকম এক যুদ্ধ রয়েছে এ গল্পে। যাতে দেখা যাবে, বিধ্বস্ত অবস্থায় বিমানবন্দর থেকে বের হয়েই একটা ফোনের দোকান থেকে মনের মানুষ মিথিকে ফোন করে সিয়াম। মিথি সিয়ামের ফোনটা পেয়ে অবাক হয়, যেন এ ফোন সে আশাই করেনি। এভাবেই এগিয়ে যাবে নাটকটি। প্রবীর রায় চৌধুরী বলেন, ‘গল্পের শুরু এমন হলেও শেষটা অন্য রকম। যে গল্পের বাঁকে বাঁকে রয়েছে প্রেমের জন্য নীল বেদনা। আশা করছি, উৎসবে নতুন মাত্রা যোগ করবে এ গল্প। এতে তৌসিফ ও তানজিন তিশা অনবদ্য অভিনয় করেছেন, যা দেখলেই দর্শকরা অনুভব করবেন।’

এর আগেও একাধিক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ ও তানজিন তিশা। ছোট পর্দার জনপ্রিয় জুটি তারা। ভালোবাসি তবুও নাটকটির অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে তৌসিফ মাহবুব বলেন, ‘এমন চরিত্রনির্ভর গল্প সচরাচর মেলে না, যেখানে অভিনয় করার প্রচুর সুযোগ থাকে। এ নাটকও ঠিক তেমন। দর্শক নাটকটি দেখার পর বুঝতে পারবে আমি কেন এমন বলছি।’ 

অন্যদিকে নাটকটি নিয়ে তানজিন তিশা জানান, সুন্দর ভালোবাসার গল্পের সহজ নাটক এটা। দর্শকের নাটকটি ভালো লাগবে বলে আশাবাদী এ অভিনেত্রী। 

উৎসব প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভির ইউটিউব চ্যানেলে ভালোবাসি তবুও নাটকটি দেখা যাবে আজ সন্ধ্যা ৬টায়। এরপর উৎসবের শেষ চমক হিসেবে থাকছে অপূর্ব-তটিনীর ‘পথে হলো দেরি’। এটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।