নির্মাতা আউয়াল চৌধুরী বর্তমানে ব্যস্ত আছেন তার পরিচালিত সিনেমা ‘আগুনের পাখি’ নিয়ে। চলতি বছরের আগস্টে সিনেমাটির শুটিং শুরু হয় ময়মনসিংহে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সিনেমাটির শুটিং পর্ব শেষ হয়েছে বলে জানান নির্মাতা। আউয়াল চৌধুরী জানান, তার কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রমিজ রাজু, মেঘলা মুক্তা, ইমতিয়াজ বর্ষণসহ আরো অনেকে।
সিনেমাটি নিয়ে জানতে চাইলে আউয়াল চৌধুরী বলেন, ‘আগুনের পাখি মূলত একটি নারীজাগরণের সিনেমা। নারীর ভেতরের আত্মশক্তি ও আত্মমর্যাদা জাগরণের সিনেমা। এতে যারাই অভিনয় করেছেন প্রত্যেকেই নিজেদের চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। শোভন সিনেমাটোগ্রাফি করছেন, এক কথায় দারুণ। মানিকের মেকআপ সম্পর্কে সবাই অবগত। সে তো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। আর জাহিদ নীরব এ প্রজন্মের একজন মেধাবী সংগীত পরিচালক। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে আগুনের পাখি আমার মনের মতো পূর্ণাঙ্গ একটি সিনেমা হতে যাচ্ছে, যা দর্শককে বিনোদিত করবে। বিশেষত নারীদের অনুপ্রাণিত করার মতো একটি সিনেমা এটি। আমার বিশ্বাস সিনেমাটি দর্শকের ভীষণ ভালো লাগবে।’ সিনেমার শুটিং পর্ব শেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ছবি শেয়ার করেছেন আউয়াল চৌধুরী।
আগুনের পাখি সিনেমার শবনম হাসান চরিত্রে অভিনয় করছেন মেঘলা মুক্তা। তার বিপরীতে দেখা যাবে বড় পর্দা ও ছোট পর্দার নিয়মিত মুখ ইমতিয়াজ বর্ষণকে। সিনেমাটি নিয়ে জানতে চাইলে মেঘলা মুক্তা বলেন, ‘বহু বছর পর আউয়াল ভাই সিনেমা নির্মাণ করছেন। তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করতে। আমি ও আমরা পুরো ইউনিট তার নির্দেশনায় মুগ্ধ। অফিশিয়ালি সিনেমার কাজ শেষ। আগেই আমাদের কাজ শেষ হতো। কিন্তু এর আগের লটে বৃষ্টির কারণে আমাদের কাজ থেমে যায়। আমি সিনেমাটি নিয়ে সত্যিই ভীষণ আশাবাদী।’
বছরের শুরুতে আগুনের পাখি সিনেমায় অভিনয় করার কথা জানিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি। ছোট পর্দা ও বড় পর্দা দুই ধারায়ই সাবলীল এ অভিনেত্রী সিনেমাটি নিয়ে বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে পর্দায় আসতে যাচ্ছে আগুনের পাখি। নির্মাতা আউয়াল চৌধুরীর লেখা উপন্যাস আগুনের পাখি থেকেই এ সিনেমা। উপন্যাসের নামেই সিনেমার নাম রাখা হয়েছে। নারীদের সাহসিকতা ও আত্মমর্যাদার গল্প নিয়েই এটি নির্মিত। গল্পটা ভালো লেগেছিল বলেই এর সঙ্গে যুক্ত হলাম। আমার মনে হয়েছে গল্পটা খুবই সময়োপযোগী। সিনেমাটি মুক্তি পেলে দর্শকের অভিমত জানা যাবে। দিন শেষে দর্শকের গ্রহণযোগ্যতাই আসল, কারণ একটা সিনেমা নির্মাণ করা হয় তাদের জন্য।’
আগুনের পাখি সিনেমাটির সংগীত পরিচালনায় আছেন জাহিদ নীরব। সিনেমাটির কোরিওগ্রাফি করছেন ইমদাদুল হক খোকন ও মেকআপে আছেন মানিক। নির্মাতা আউয়াল চৌধুরী জানান, দ্রুত সম্পাদনার কাজ শেষে অন্যান্য কাজ শেষ করে সেন্সরের জন্য জমা দেয়া এখন তার লক্ষ্য। এখন সিনেমাটি সম্পাদনা নিয়েই ব্যস্ত আছেন তিনি। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা জানান, চলতি বছরই এটি মুক্তি দেয়ার ইচ্ছা আছে তার। সম্ভব হলে আগামী মাসের শেষ সপ্তাহ হলেও তিনি এ বছরই সিনেমাটি মুক্তি দিতে চান। আউয়াল চৌধুরী দেশের একজন গুণী নির্মাতা। বড় পর্দা ও ছোট পর্দায় বিচরণ তার। এ নির্মাতার প্রথম চলচ্চিত্র ‘জনম জনম’ মুক্তি পায় ১৯৯৬ সালে। সিনেমাটিতে অভিনয় করেছিলেন শাবনাজ ও আমিন খান। অন্যদিকে ২০১৯ সালে তিনি ‘যা ছিলো অন্ধকারে’ নির্মাণ করে বেস্ট ডকুড্রামা নির্মাতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এবার নির্মাতা আগুনের পাখি সিনেমাটির মুক্তির অপেক্ষায় আছেন।










