জোকার নিয়ে বেশ কিছুদিন কোনো আলোচনা নেই। সে নীরবতা ভেঙে সিনেমাটির প্রচারণা নতুন করে শুরু করলেন টড ফিলিপস। জোকার মুক্তির এখনো অনেকদিন বাকি। এর মধ্যে এ ছুটির সময় জোকারের নতুন ছবি প্রকাশ করলেন এর নির্মাতা। দুটি ছবি প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে একটি জোকার চরিত্রে জোয়াকিন ফিনিক্সের। ছবিতে একটি জানালা দিয়ে দেখা যাচ্ছে তাকে, আরেকটিতে জোকার ও হার্লে কুইন।

প্রথম সিনেমাটির মতো এবারো আর্থার ফ্লেক চরিত্রে অভিনয় করছেন জোয়াকিন। এবার তাকে দেখা গিয়েছিল জেলের ভেতরের একটি দৃশ্যে। সেখানে তার নম্বর ‘ই২৫৮’। এরপর হার্লে কুইনেরও লুক প্রকাশ করেন ফিলিপস। হার্লে চরিত্রে লেডি গাগাকে দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। এর মধ্যে আবারো জোকারের ছবি প্রকাশ করা হয়েছিল তার আইকনিক লুক দিয়ে। টড ফিলিপস তার জোকারের সিকুয়াল ‘জোকার: ফোলি আ দ্যু’ নিয়ে আসবেন ২০২৪ সালের ৪ অক্টোবর। তিনি শুটিং শেষ করেছেন তাও অনেকদিন হয়। মূলত সিনেমা নির্মাণের নিজস্ব ধারা আছে ফিলিপসের। তিনি একাকী একটি কক্ষে নিজেকে বন্দি করে সিনেমার সম্পাদনা করেন। শুটিংয়ের পাশাপাশি ফিলিপসের এটিও একটি বিশেষত্ব। তিনি এডিটিংকে সিনেমার গুরুত্বপূর্ণ অংশ মনে করেন। এডিটিংয়ে যাওয়ার সময়ও তিনি লিখেছিলেন, এবার একটি বিরতি নিয়ে কাজটি করবেন তিনি।

এর মধ্যেই দর্শককে একটা আপডেট দিতে চাইলেন হয়তো ফিলিপস। তিনি ইনস্টাগ্রামে দুটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘সবাইকে ছুটির শুভেচ্ছা জানাই। পাশাপাশি সবার জন্য নতুন বছরের শুভকামনা। এর সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জানালেন ২০২৪ সালের অক্টোবরে আসবে জোকার।’

জোকার নিয়ে দর্শকের আগ্রহ অনেক বেশি। প্রথম সিনেমাটি যখন আসে তখন কেউ চিন্তা করেনি জোকারের সংজ্ঞাই বদলে দেবে সিনেমাটি। বাস্তবে তাই হলো। এবার হার্লে কুইনকে যুক্ত করার মাধ্যমে সিনেমাটি আরো ভিন্নতা পাবে বলেই সবাই মনে করছে।

সূত্র ও ছবি: ইয়ন