বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম সেরা লেখক। তার গল্প থেকে এবার একটি ওয়েব ফিল্ম নির্মাণ করলেন অনিমেষ আইচ। ফিল্মের নাম ‘মায়া’। পুরনো দিনের গল্প নিয়ে এ ফিল্ম নির্মাণ হয়েছে তা বোঝাই যাচ্ছে। তবে গল্পটি অতিলৌকিক।
১০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত এ ওয়েব ফিল্মে দেখা যাবে, মানবেন্দ্র নামের এক গরিব ব্রাহ্মণ সন্তান জীবিকার অন্বেষণে একটি গ্রামে আসে। সেখানে পরাশর বাবুর পুরনো এক বাড়ি পাহারা দেয়ার চাকরি পায়। গ্রামবাসীর শত বাধা সত্ত্বেও সে এ অভিশপ্ত বাড়িতে অবস্থান করে। এরপর সে বাড়িতে নানা অলৌকিক ঘটনা ঘটতে থাকে। মানবেন্দ্র এক অশরীরী আত্মা চিনুর প্রেমে পড়ে। কী এক মায়ায় যেন আটকে যায়, কোনোভাবেই সে আর ওই বাড়ি থেকে বের হতে পারে না। মানবেন্দ্র বাড়িটি থেকে বেরিয়ে আসতে পারবে নাকি আটকে যাবে আরো গভীর কোনো মায়ায়, তা নিয়েই ফিল্মটি সাজিয়েছেন নির্মাতা। দীপ্ত প্লেতে ঈদের চতুর্থ দিন থেকে স্ট্রিম হবে ফিল্মটি।
এ নিয়ে পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুবই জনপ্রিয় অতিলৌকিক গল্প মায়া। গল্পটি প্রায় ১০০ বছর আগের প্রেক্ষাপটে রচিত। আমরা গল্প থেকে যখন সিনেমা বানাই, তখন চেষ্টা করি গল্পের মূল এসেন্স ঠিক রেখে সিনেমাটিক কায়দায় গল্পটিকে পর্দায় তুলে আনতে। এ গল্পে ভৌতিক ঘটনার আড়ালে একটা প্রেম কাহিনী সাবপ্লট হিসেবে আছে। মানুষ মায়া নিয়ে বাঁচে, মায়ার সম্পর্ক মানুষকে মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা জোগায়।’
বিভূতিভূষণের এ গল্পের উপস্থাপন দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করবে বলে মনে করছে ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে। এর মাধ্যমে অনিমেষ আইচ ও দীপ্ত চেষ্টা করছে ভিন্ন ধারার কনটেন্ট নিয়ে আসতে। গল্পটি দিয়ে তারা নতুন প্রজন্মের কাছে ক্ল্যাসিক গল্পকে উপস্থাপন করবে। এ ওয়েব ফিল্মে অভিনেতা বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী দম্পতির পুত্র দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি এবং অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার দুই কন্যা টাপুর ও টুপুরকে দেখা যাবে। আরো অভিনয় করছেন বৃন্দাবন দাস, গোলাম ফরিদা ছন্দা, মিতুল রহমান, তানভীর হোসেন প্রবাল, সাহানা সুমীসহ অনেকে।










