কৃপণ এক দম্পতির গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘সাগরকন্যা’। অভিনয় করছেন মীর সাব্বির ও তারিন জাহান। অনিমেষ আইচের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এ নাটকে কৃপণ স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তারিন জাহানকে। নাটকের গল্পে দেখা যাবে, চাকরিজীবী দম্পতি বেড়ানোর উদ্দেশ্যে লঞ্চে করে বরিশাল যাত্রা করে। কিন্তু দৈনন্দিন জীবনসহ বিভিন্ন ক্ষেত্রে কৃপণ স্বামীর কৃপণতায় অতিষ্ট হয়ে পড়েন স্ত্রী। একপর্যায়ে যাত্রাপথে স্বামীকে না বলেই নিরুদ্দেশ হয়ে যান স্ত্রী। স্বামী তাকে খুঁজে পায় কুয়াকাটা সমুদ্র সৈকতে। এর মাঝে ঘটে যায় আরো কিছু ঘটনা। এভাবে এগোতে থাকে নাটক।  নাটকটিতে আরো অভিনয় করছেন মাজনুন মিজান, সালমান আরাফাত, মিলি বাশার, আবুল খায়ের সবুজ ও হানিফ খান। নাটকটি প্রচারিত হবে আজ রাত ৯টায়। 

সাগরকন্যা নিয়ে তারিন বলেন, ‘‌নাটকের গল্পটা সুন্দর। নাটক নির্মাণের ক্ষেত্রে বিটিভি এখন আরো বেশি সচেতন। কীভাবে ভালো করা যায়, সেদিকে বিটিভির বিশেষ দৃষ্টি রয়েছে। গল্পের প্রয়োজনে যদি বিটিভির বাইরে শুটিং করতে হয়, তাও করা হচ্ছে। মূলকথা বিটিভি এখন নাটক নির্মাণের ক্ষেত্রে আগের চেয়ে আরো অনেক বেশি সিরিয়াস। এটা অনেক ভালো একটি দিক।’ এ নাটকের শুটিং হয়েছে কুয়াকাটা সমুদ্রসৈকতে। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তারিন বলেন, ‘‌সত্যি কথা হলো, এর আগে আমার কখনো কুয়াকাটা যাওয়া হয়নি। বরিশালে লঞ্চে যেতেও আমার খুব ভালো লাগে। এ শীতের মধ্যে ঢাকার বাইরে শুটিং করাটা আমি ভীষণ উপভোগ করেছি।’