টোকিও অলিম্পিকে শৈল্পিক জিমন্যাস্টিক বিভাগে স্বর্ণ জেতার পরই বেজে ওঠে ইসরায়েলের জাতীয় সংগীত ‘হাতিকভাহ’। আর তাতেই ধরা পড়ে গেলেন ভারতীয় গায়ক ও সুরকার আনু মালিক। ২৫ বছর আগের আনু মালিকের সুর করা হিন্দি সিনেমা দিলজালের ‘মেরা মুলক মেরা দেশ’
গানটি যে ইসরায়েলের জাতীয় সংগীত থেকে কপি করা, তা মুহূর্তেই ধরে ফেলল ভারতীয় দর্শকরা। এমনিতে আনু মালিকের বিরুদ্ধে সুর নকলের অভিযোগ আগেও উঠেছিল। তাই বলে একটি দেশের আস্ত জাতীয় সংগীত কপি করে দেয়াটা একটু বাড়াবাড়ি বটে। কপি করা সুরে হিন্দি গানটাও আবার দেশাত্মবোধক। কিন্তু মজার ব্যাপার হলো, এতদিন এটি কেউ ধরতেই পারেনি। আনু মালিকও সম্ভবত ধরে নিয়েছিলেন, কে শুনবে ইসরায়েলের জাতীয় সংগীত! আর সেই কপি ধরা পড়ল ২৫ বছর পর। অলিম্পিকে হাতিকভাহ বেজে ওঠার পর পরই ঝড় ওঠে ভারতের নেটপাড়ায়। একের পর এক আসতে থাকে ট্রলের ঢেউ।
ট্রলকারীদের মধ্যে দেখা গেছে দারুণ সৃজনশীলতাও। একজন লিখেছেন, ‘শুধু গানের সুর কপি করাটাই বড় কথা নয়। এ নিয়ে বিস্তর গবেষণাও করতে হয়েছে। কোন দেশের পক্ষে সহসা অলিম্পিকে স্বর্ণ জেতা সম্ভব নয়, এটা বের করা চাট্টিখানি কথা নয়।’
আরেকজন লিখেছেন, ‘আনু মালিক নিঃসন্দেহে সাহসী মানুষ। তা না হলে কেউ ইসরায়েলের জাতীয় সংগীত কপি করে?’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










