সময়ের সঙ্গে দেশের অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী অভিনয় কমিয়ে দিয়েছেন। ছোট ও বড় পর্দার অনেক শিল্পীই নতুন সিনেমা বা নাটক নিয়ে হাজির না হলেও মঞ্চে দেখা দেন। সে তালিকায় আছেন ছোট পর্দার একসময়ের নিয়মিত মুখ বন্যা মির্জা। আজ নাট্যসংগঠন ‘দেশনাটক’ মঞ্চে আনতে যাচ্ছে তাদের নতুন নাটক ‘পারো’। নাটকটির রচনা ও নির্দেশনায় আছেন মাসুম রেজা। দেশ নাটকের ২৫তম এ প্রযোজনায় মূল চরিত্রে অভিনয় করবেন বন্যা মির্জা।
নাটকটি নিয়ে নিয়মিত মহড়া চলছে। আজ ও আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এ নাটকের প্রথম দুই মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা ৭টায় ও আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে এটি মঞ্চায়ন হতে যাচ্ছে। এর আগে নাটকটির কারিগরি মঞ্চায়ন হয়েছে ২১ ও ২২ জানুয়ারি।
পারো নিয়ে বন্যা মির্জা জানান, এ নাটক একটি মেয়ের গল্প নিয়ে। মঞ্চায়নের আগে টানা মহড়া চলছে নাটকটির ।
নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা বলেন, ‘একজন নারীর জীবনের নানা অধ্যায়ের ঘটনা প্রবাহের মধ্য দিয়েই এ নাটকের গল্প এগিয়ে যাবে। নাটকটি দর্শকের সামনে আনার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কভিডের সময় এর অনলাইন মহড়া করা হয়েছিল। খুব অল্প সময়ে হলেও সবার আন্তরিক প্রচেষ্টায় পারো মঞ্চে আনা সম্ভব হচ্ছে।’
বন্যা মির্জা একটা সময়ে নিয়মিত নাটকে অভিনয় করলেও এখন তাকে দেখা যায় না। বর্তমানে বেশির ভাগ সময় দেশের বাইরে থাকেন এ অভিনেত্রী। দেশে এলে মঞ্চনাটক নিয়েই ব্যস্ত থাকেন। দেশ নাটকে নিয়মিত কাজ করেন বন্যা মির্জা। এ নাট্যদলের হয়ে তাকে সর্বশেষ দেখা গেছে ‘জলবাসর’ নাটকে। তিনি টিভি নাটকে দর্শকের ভালোবাসা পেলেও তার অভিনয়ের সূচনা মঞ্চ থেকেই। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছিলেন।
সে কারণেই দেশে এলে মঞ্চনাটক নিয়েই ব্যস্ত থাকেন বন্যা। তিনি জানিয়েছেন, এখন নিয়ম করে প্রতিদিন পারোর মহড়ায় অংশ নিচ্ছেন। এ মাসের শেষে তিনি নিউইয়র্কে ফিরে যাবেন। তার অনুপস্থিতিতে এ চরিত্রে অভিনয় করবেন সুষমা সরকার।










