২০০৪ সালে ‘ডব্লিউডব্লিউই’
থেকে অবসর নিয়েছিলেন ডোয়াইন জনসন ওরফে দ্য রক। এত বছর পরে একটি ইনস্টাগ্রাম ভিডিওতে দ্য রক তার অবসর গ্রহণের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘‘আমি ২০০৪ সালে ৩২ বছর বয়সে ‘ডব্লিউডব্লিউই’
থেকে অবসর নিয়েছিলাম। সেই সময়ে সিদ্ধান্তটি নেয়ার পেছনে দুটি কারণ ছিল; আমার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো চুক্তি, তা আমি বিশ্বের যে কারও সঙ্গেই করি না কেন।”
সাত বছর ধরে ‘ডব্লিউডব্লিউই’
রিংয়ে গৌরবময় রাজত্ব করার পরে দ্য রক বেরিয়ে আসেন এবং ২০০৪ সালে রেস্লিং দুনিয়ায় তার ক্যারিয়ারের ইতি টানেন। তার এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি সবার শীর্ষে ছিলাম। আমি রেস্লিংকে খুবই ভালোবাসতাম এবং আমি জানি যে আমার অবসর নেয়াটা অনেক মানুষকে কষ্ট দিয়েছে।’
‘ডব্লিউডব্লিউই’
তে রেস্লিং করতে ভালোবাসলেও ডোয়াইন আরো সফলতা চেয়েছিলেন বলে জানান। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম পেশাদার রেস্লিংয়ের জগতের বাইরে সফল হতে এবং হলিউডে সফল হয়ে উঠতে। আমার বিশ্বব্যাপী সাফল্য পাওয়ার আকাঙ্ক্ষা ছিল। রক আরো উল্লেখ করেছেন, তিনি কোনো নেতিবাচক কারণে রেস্লিংয়ের প্লাটফর্মটি ছাড়েননি। তিনি বলেন, ‘ডব্লিউডব্লিউই’-এর সিইও ভিন্স ম্যাকমাহনও তার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন।
বেশকিছু বছর ধরে রেস্লিং থেকে দূরে থাকার পরে দ্য রক রেস্লিংয়ের রিঙে ফিরে আসেন এবং আরেক পেশাদার রেসলার জন সিনার মুখোমুখি হন। দ্য রক জানান, ‘আমি ভিন্স ম্যাকমাহনকে ২০১১ সালে ফোন করেছিলাম এবং বলেছিলাম যে রিঙে ফেরার সময় এসেছে। তিনিও বলেছিলেন যে এটাই সঠিক সময়। আমাকে অবসর থেকে ফিরিয়ে আনার জন্য ম্যাচ নির্ধারণ করে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছিল।’
তার সেই অবসর ভাঙার ম্যাচে তিনি জন সিনাকে পরাজিত করেছিলেন।
সূত্র: পিংকভিলা










