কক্সবাজার শহরের বাইপাস সড়কের জেলগেট এলাকায় পাহাড় কেটে শত বছরের পুরনো ছড়া ভরাট করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমানের নেতৃত্বে গতকাল বিকালে এ অভিযান চালানো হয়।
এলাকাবাসী অভিযোগ করে জানান, শত বছরের পুরনো ছড়াটি কেউ পাহাড় কেটে মাটি ফেলে, আবার কেউ সীমানা পিলার দিয়ে দখল করে সংকুচিত করে ফেলেছেন। এতে পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। বর্তমানে জামাল উদ্দিন বাবুল, রিয়াদ, হামিদ, ভুলু, খসরু, নাজিম উদ্দীন, ফরহাদসহ আট-নয়জন ব্যক্তি ছড়াটি বিভিন্ন কায়দায় দখল অব্যাহত রেখেছেন বলে এলাকাবাসী জানান। অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিয়াদ জানান, ভুলু, হামিদসহ কয়েকজন ব্যক্তি পাহাড় কেটে মাটি ফেলে কৌশলে দীর্ঘদিনের ছড়াটি ভরাট করে ফেলছেন। অন্যদিকে ভুলু জানান, রিয়াদসহ কয়েকজন মিলে পানি চলাচলের ছড়ার মধ্যে সীমানা খুঁটি দিয়ে ছড়া দখল করেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস জানান, ২৫-৩০ ফুট প্রস্থের ছড়াটি কিছু কিছু অংশে এখন মাত্র পাঁচ ফুট অবশিষ্ট আছে। সেখানে এক মাস ধরে বাবুল নামের এক ব্যক্তি পাহাড় কেটে মাটি ফেলে ছড়াটি ভরাট করে দালান নির্মাণ করছেন। তাকে বাধা দিলেও তিনি তা আমলে নিচ্ছেন না বলে জানান তিনি। পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’-এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগ পাওয়ার পর দুই দফা পরিদর্শন করে পাহাড় কেটে মাটি ফেলে ছড়া দখলের চিত্র দেখা যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পর সেখানে অভিযান চালানো হয়।
কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান জানান, পাহাড় কেটে ও ছড়া দখল করে নির্মিত কয়েকটি ঝুঁকিপূর্ণ কাঁচা বাড়ি উচ্ছেদ করা হয়েছে। পাকা স্থাপনাগুলো ধারাবাহিকভাবে উচ্ছেদ করা হবে।










