বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি জনপদে ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। এরই মধ্যে নারী, শিশু ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। ওরস্যালাইন, কলেরা স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
সংকট মোকাবেলায় আজ শনিবার মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণের অঙ্গীকার থেকে সীমান্তবর্তী দুর্গম পার্বত্য জনপদের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, দুর্গম যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে স্থানীয় জনগণের দুর্ভোগ আরো বেড়েছে। বিজিবির বলিপাড়া জোনের (৩৮ বিজিবি) উদ্যোগে থানচি উপজেলার দুর্গম রেমাক্রী বাজার ও তিন্দু এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, বলিপাড়া জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে বিজিবির একটি অভিজ্ঞ মেডিকেল টিম আন্তরিকতা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করেন।
পাশাপাশি ডায়রিয়া প্রতিরোধ, বিশুদ্ধ পানি ব্যবহার, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে স্থানীয় জনগণকে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি পুরো কার্যক্রমকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে।










