পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। এতে প্রায় অচল হয়ে পড়েছে সিলেট। কর্মবিরতি ডেকে সড়কে পিকেটিং করায় বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। পরিবহন শ্রমিকদের এ আন্দোলনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্স পরীক্ষা রয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এ পরিস্থিতিতে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।

সরেজমিনে দেখা গিয়েছে, গতকাল সকাল থেকে সিলেটের বিভিন্ন মোড়ে ও নগরীর প্রবেশ পথে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিতে দেখা যায় পরিবহন শ্রমিকদের। ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী গাড়ি এমনকি বিআরটিসি বাস চলাচলেও বাধা দিচ্ছেন তারা। শ্রমিকদের পিকেটিংয়ের কারণে কোনো গাড়িই সড়কে চলাচল করতে পারেনি। বন্ধ ছিল সিএনজিচালিত অটোরিকশাও। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি নগরীর ভেতরে চলাচলকারী যাত্রীদেরও ভোগান্তির শিকার হতে হয়েছে।

পরিবহন শ্রমিকদের ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ’ জেলায় এ কর্মবিরতির ডাক দেয়। দাবি পূরণ না হলে আজ থেকে পুরো বিভাগে কর্মবিরতি শুরুর হুমকি দিয়েছেন তারা।

কয়েকদিন ধরেই পাঁচ দফা দাবিতে নগরীতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে পরিবহন শ্রমিক সংগঠনগুলো। দাবি পূরণ না হওয়ায় গতকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা।