রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা করা হয়েছে। হাসপাতালে মৃত্যুবরণ করা এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে দায়ের করা এ মামলায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, গতকাল বুধবার রাতে এ মামলা করা হয়।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, মামলায় অবহেলার কারণে শিশুর মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ছয় নবজাতকের লাশ বুধবার রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এ নবজাতকদের ময়নাতদন্ত করাতে চায়নি, সে কারণে তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ বুঝিয়ে দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কারণ, মারা যাওয়া শিশুদের বয়স ছিল মাত্র ১ থেকে ৩ দিন।
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে বুধবার ভোরে এ ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকার কারণে এ ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ব্রিফ করলেও মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধানে বুধবারই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।










