উন্নয়নের সংজ্ঞা বদলে কৃষি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, এত উন্নয়নের কথা শুনলাম, কিন্তু প্রাণিজ আমিষের দিকে কম গুরুত্ব দেয়া হয়েছে। গরু-মহিষে উন্নতি না করলে কিসের উন্নয়ন?
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) বাস্তবায়িত মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন বিএলআরআইর মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
মহিষ পালনে বৈষম্যের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের নদী ও জলাশয়ের দেশীয় জাতের মহিষ রক্ষা করতে হবে। ভোলায় লবণাক্ততা বাড়ছে, তাই সেখানকার মহিষ রক্ষায় কার্যকর পরিকল্পনা দরকার।
সভায় মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিএলআরআইর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেব প্রকল্পের অগ্রগতি ও গবেষণার তথ্য তুলে ধরেন।
সকালে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে কর্মশালা শুরু হয়। উপদেষ্টা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রাণিসম্পদ খাতকে গুরুত্ব দিতে হবে। শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।










