গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালু তোলার সময় বালুর নিচে চাপা পড়ে আব্দুল ওয়াহেদ (৩৪) নামে এক ট্রাক্টর হেলপার নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল ওয়াহেদ চণ্ডিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, করতোয়া নদীর তীর থেকে ট্রাক্টরে বালু তোলার কাজ চলছিল। বালু তোলার একপর্যায়ে হঠাৎ ওপর থেকে একটি বালুর স্তর ধসে পড়ে। এতে ট্রাক্টর হেলপার আব্দুল ওয়াহেদ বালুর নিচে চাপা পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে পথেই তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।